আলো ডেস্ক
ঘূর্ণিঝড় মিধিলির কবলে পড়ে বঙ্গোপসাগরে একটি মাছ ধরার ট্রলার ডুবে আটজন জেলে নিখোঁজ রয়েছেন। অপর চারজন জেলে তিন ঘণ্টা সাগরে ভেসে অপর একটি ট্রলারে উঠতে সক্ষম হন।
উদ্ধারকৃত চার জেলে আজ শনিবার (১৮ নভেম্বর) সকালে পটুয়াখালীর মহিপুর ঘাটে পৌঁছেছেন। তারা হলেন- নুর জামান মুন্সি, মাসুম মিয়া, আজগর মিয়া ও রাজিব।
নিখোঁজ জেলেরা হলেন- আবুল কালাম, মো. জাফর, মজিবুর রহমান, ট্রলার মালিক ইউসুফ, ছত্তার হাওলাদার, নাদিম, বেল্লাল ও ইয়াছিন। তাদের সবার বাড়ি বরগুনার পাথরঘাটায়।
ট্রলার মালিক ও নিখোঁজ জেলে ইউসুফের ভাই ইয়াকুব আলী জানিয়েছেন, গত ১৪ নভেম্বর মাছ ধরার উদ্দেশে সাগরে যায় ১২ জেলে। গতকাল দুপুরে ঘূর্ণিঝড় মিধিলির কারণে তাদের বহনকারী ট্রলারটি ডুবে যায়।
বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, ‘বরগুনার অনেক জেলের সন্ধান এখন পর্যন্ত পাইনি। তবে তাদের সবাই যে ট্রলার ডুবির শিকার হয়েছেন বিষয়টি এমন নয়। অনেকে সুন্দরবনের গভীরে আশ্রয় নিয়েছেন। তাই তাদের সঙ্গে আমরা যোগাযোগ করতে পারছি না। তাই সঠিকভাবে এই মুহূর্তে নিখোঁজ জেলের পরিসংখ্যান বলা সম্ভব হচ্ছে না। বিষয়টি নিয়ে আমরা স্থানীয় প্রশাসনসহ কোস্ট গার্ডের সঙ্গে কথা বলেছি। নিখোঁজ ও যোগাযোগ বিচ্ছিন্ন জেলেদের সন্ধানে উদ্ধার অভিযান শুরু হয়েছে।’
কোস্টগার্ড দক্ষিণ জোনের পাথরঘাটা স্টেশন কমান্ডার লে. সাকিব মেহেবুব জানান, কোস্টগার্ড ঘূর্ণিঝড় পরবর্তী টহলে আছে। নিখোঁজ জেলেদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।
