আলো ডেস্কঃ প্রতারণা মামলায় দুই বছরের দণ্ডিত জয়যাত্রা টিভির চেয়ারম্যান হেলেনা জাহাঙ্গীরের জামিন মঞ্জুর করেছেন আদালত। বুধবার (১৫ নভেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ মো. আছাদুজ্জামানের আদালতে শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন।
এর আগে গত ২ নভেম্বর হেলেনা জাহাঙ্গীর আত্মসমর্পণের পর ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এরপর ওইদিন দুপুরে তার আইনজীবী ঢাকা মহানগর দায়রা জজ মো. আছাদুজ্জামানের আদালতে আপিলের শর্তে জামিন চেয়ে আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত ১৫ নভেম্বর শুনানির জন্য দিন ধার্য করেন।
২০২১ সালের ২ আগস্ট রাতে পল্লবী থানায় সাংবাদিক আব্দুর রহমান তুহিন বাদী হয়ে একটি প্রতারণার মামলা করেন। মামলায় জয়যাত্রা টিভির চেয়ারম্যান হেলেনা জাহাঙ্গীর, জেনারেল ম্যানেজার হাজেরা, প্রধান বার্তা সম্পাদক কামরুজ্জামান আরিফ, কো-অর্ডিনেটর সানাউল্ল্যাহ নূরী, স্টাফ রিপোর্টার মাহফুজ শাহরিয়ারসহ অজ্ঞাত ১০-১২ জনকে আসামি করা হয়।
