আলো ডেস্কঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে একতরফা তফসিল ঘোষণার প্রতিবাদে গণমিছিল নিয়ে নির্বাচন কমিশন (ইসি) অভিমুখে যাত্রা করেছে ইসলামী আন্দোলন।
বুধবার (১৫ নভেম্বর) দুপুর সাড়ে ৩টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে এ গণমিছিল শুরু হয়েছে। গণমিছিলের নেতৃত্ব দিচ্ছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল সৈয়দ মুহাম্মদ মোসাদ্দেক বিল্লাহ।
সমাবেশে বক্তারা বলেন, বর্তমান নির্বাচন কমিশন দিয়ে কখনো সুষ্ঠু নির্বাচন আশা করা যায় না। সম্প্রতি লক্ষ্মীপুর ও ব্রাহ্মণবাড়িয়ায় উপ-নির্বাচনে যা হয়েছে তাকেই উপলব্ধি হয়েছে যে বর্তমান নির্বাচন কমিশনের অস্তিত্ব কতটুকু।
ইসলামী আন্দোলন নেতারা আরও বলেন, সরকারের মনোবাসনা পূর্ণ করার জন্য নির্বাচন কমিশন অবৈধ তফসিল ঘোষণা করতে চাইছে। সরকার এই ব্যর্থ কমিশনের মাধ্যমে নির্বাচন দিয়ে আবারও ক্ষমতায় যেতে চায়। ইসলামী আন্দোলন এটা হতে দেবে না।
