স্টাফ রিপোর্টার
রাজশাহীর পবায় কিশোরদের নামাজে আকৃষ্ট করতে বাইসাইকেল বিতরণ করে চলেছেন পারিলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাঈদ আলী মুর্শেদ। এর ধারাবাকিতায় ইউনিয়নের বামনশিকড় উত্তরপাড়া বাইতুল মা’মুর কেন্দ্রীয় জামে মসজিদে ফজর ক্যাম্পেইন উপলক্ষে বাইসাইকেল বিতরণ করা হয়।
মসজিদ কমিটির সভাপতি আছের আলী আকাশের সভাপতিত্বে শুক্রবার বাদ জম্মা বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পারিলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাঈদ আলী মুর্শেদ।
মসজিদ কমিটির সাধারণ সম্পাদক সোহেল রানার পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন মসজিদের ইমাম শাহীন হোসেন। দুই মাসব্যাপি যারা ফজর নামাজসহ মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেছেন এমন ৪৬ জনকে ৪৬টি বাইসাইকেল পুরস্কার দেয়া হয়েছে।
এছাড়াও ১০২টি পাঞ্জাবী বিতরণ করা হয়। জানা গেছে, পারিলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাঈদ আলী মুর্শেদ তার এলাকায় বিভিন্ন মসজিদে ফজর ক্যাম্পেইনের মাধ্যমে কিশোরদের বাইসাইকেল পুরস্কার (উপহার) দিয়ে থাকেন। এমন কার্যক্রম আগামীতেও অব্যাহত রাখবেন বলে চেয়ারম্যান সাঈদ আলী মুর্শেদ জানান।
