আলো ডেস্কঃ শনিবারের সমাবেশে ‘হামলা, হত্যা ও গ্রেপ্তারের প্রতিবাদ’ এবং সরকার পতনের একদফা দাবি আদায়ে ৩১ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত বিএনপির অবরোধ কর্মসূচি ঘোষণার পর এবার একই সময়ে দেশব্যাপী অবরোধের ডাক দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
সোমবার (৩০ অক্টোবর) জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মাছুম এক বিবৃতিতে এ কথা জানিয়েছেন।
বিবৃতিতে তিনি বলেন, ‘সরকারের পদত্যাগ, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার লক্ষ্যে কেয়ারটেকার সরকার ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা, আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ গ্রেপ্তারকৃত সকল রাজনৈতিক নেতৃবৃন্দ ও আলেম-ওলামার মুক্তি, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, ২৮ অক্টোবর বিরোধীদলের মহাসমাবেশে হামলা, সাংবাদিক ও নেতাকর্মীদের হত্যা এবং সরকারের লেলিয়ে দেওয়া সন্ত্রাসীদের বিভিন্ন স্থানে গাড়িতে অগ্নিসংযোগ ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে আগামীকাল ৩১ অক্টোবর এবং ১ ও ২ নভেম্বর সারাদেশে সড়ক, রেল ও নৌপথ অবরোধের কর্মসূচি ঘোষণা করছি।’
