আলো ডেস্কঃ জনগণের নিরাপত্তার স্বার্থে সংঘাত-সহিংসতা পরিহারের আহ্বান জানিয়েছে জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ।
তিনি বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের দুটি বৃহৎ রাজনৈতিক দল রাজনীতিতে উত্তপ্ত পরিবেশ সৃষ্টি করে গোটা দেশবাসীর মনে ভয়-আতঙ্ক ও উদ্বেগ সৃষ্টি করছে। ২৮ অক্টোবরকে সামনে রেখে তারা রাজপথে পাল্টাপাল্টি কর্মসচি দিয়ে জনমনে আতঙ্কের মাত্রা আরও বাড়িয়ে দিয়েছে।
তিনি বলেন, প্রত্যেক রাজনৈতিক দলের নিজস্ব রাজনৈতিক চর্চা এবং কর্মসূচি পালনের গণতান্ত্রিক অধিকার রয়েছে। কিন্তু যে ধরনের কর্মসূচিতে জনদুর্ভোগ সৃষ্টি করে এবং মানুষের স্বাভাবিক জীবনযাত্রাকে ব্যহত করে, সে ধরণের কর্মসূচি পালন থেকে বিরত থাকা উচিত। এক পক্ষের স্বাধীনতা দিয়ে, অন্য পক্ষের স্বাধীনতাকে খর্ব করা যায় না। কারণ সাধারণ জনগণেরও অধিকার আছে, স্বাধীনভাবে চলাচল ও কাজ-কর্ম করার।
বৃহস্পতিবার সকালে বিরোধী দলীয় নেতার মূখপাত্র কাজী মামুনূর রশিদের বরাতে সংবাদ মাধ্যমে পাঠানো জরুরি এক বিবৃতিতে এসব কথা বলেন রওশন এরশাদ।
বিবৃতিতে রওশন এরশাদ বলেন, ঢাকা শহরে সভা-সমাবেশ করার মতো অসংখ্য মাঠ-ময়দান ও উদ্যান রয়েছে। সেখানেই রাজনৈতিক দলসমুহের সভা-সমাবেশ করা সম্ভব। তাই রাজনৈতিক দলগুলো যাতে মাঠে-ময়দানে কিংবা উপযুক্ত উন্মুক্ত স্থানে শান্তিপূর্ণভাবে সভা-সমাবেশ করতে পারে, সে ব্যবস্থা নিতে পুলিশ প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়েছেন বিরোধী দলীয় নেতা। একই সঙ্গে সংবিধানের আলোকে আলাপ-আলোচনার মাধ্যমে বিরাজমান বিরোধ এবং রাজনৈতিক সংকট নিরসনে সব দল ও সংশ্লিষ্টদের প্রতি আহবান জানিয়েছেন বেগম রওশন এরশাদ।
সূত্র- বাংলাদেশ জার্নাল
