আলো ডেস্কঃ চট্টগ্রামের মিরসরাইয়ে লরি চাপায় এক মাদ্রাসা ছাত্রী নিহত হয়েছে। নিহতের নাম তানজিনা আক্তার (১৫)।
বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সকাল ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ের ডাকঘর ভাঙ্গারপুল এলাকায় মহাসড়ক পার হওয়ার সময় এই দূর্ঘটনা ঘটে।
নিহত তানজিনা আক্তার উপজেলার হযরত শাহ সূফী মাওঃ নুর আহমদ রহঃ দাখিল মাদ্রাসার নবম শ্রেণীর শিক্ষার্থী। তিনি উপজেলার ১৫নং ওয়াহেদপুর ইউনিয়নের ০৯নং ওয়ার্ড়ের ভাঙ্গারপুল এলাকার মোহাম্মদ আলীর মেয়ে। এ ঘটনায় লরিটি আটক করেছে পুলিশ।
হযরত শাহ সূফী মাওঃ নুর আহমদ রহঃ দাখিল মাদ্রাসার সুপারেনটেন্ট শহিদুল ইসলাম জানান, বৃহস্পতিবার সকালে শিক্ষার্থী তানজিনা আক্তার মাদ্রাসায় আসার পথে রাস্তা পারাপারের সময় বিএসআরএম কারখানার একটি লরি গাড়ি চাপা দেয়। এতে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তার তার মৃত্যু হয়।
কুমিরা হাইওয়ে থানার ইনচার্জ শাহাদাত হোসেন বলেন, সকালে ডাকঘর এলাকায় মহাসড়ক পার হওয়ার সময় চট্টগ্রামমুখী একটি দ্রুতগামী লরির ধাক্কায় তানজিনা আক্তার নামের এক মাদ্রাসার ছাত্রী নিহত হয়েছেন। এই ঘটনায় বিএসআরএম কারখানার একটি লরি থানা হেফাজতে নেয়া হয়েছে।
