আলো ডেস্কঃ গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ে চার ধাপে ভর্তি নেওয়ার পর দুই হাজার ২২০টি আসন ফাঁকা ছিল। ভর্তি প্রক্রিয়া ‘শেষ’ ঘোষণার পরও তা থেকে সরে এসে আগ্রহী শিক্ষার্থীদের পুনরায় ভর্তির সুযোগ দেওয়া হয়। এটিকে বলা হচ্ছে ‘বিশেষ ধাপ’।
শূন্য এসব আসনে ভর্তিতে আগ্রহীদের গত ২ অক্টোবর সকাল ৮টা থেকে ১১টা ৫৯ মিনিট পর্যন্ত শিক্ষার্থী ‘সম্মতি’ দেওয়ার নির্দেশনা দেয় গুচ্ছ ভর্তি কমিটি। এতে সাড়া দেন ১ হাজার ৫৩০ জন শিক্ষার্থী। তাদের অনলাইনে ফি জমা দিয়ে প্রাথমিক ভর্তির নির্দেশ দেওয়া হয়। মাইগ্রেশন বন্ধ রেখে এরপর ৮ অক্টোবর শুরু হয় চূড়ান্ত ভর্তি।
ঘোষণা অনুযায়ী- সোমবার বিকেল ৪টা পর্যন্ত চূড়ান্ত ভর্তি নেওয়া হয়। এ সময়ের মধ্যে কেউ ভর্তি না হলে তার মনোনয়ন বাতিল এবং আর কোনো সুযোগ থাকবে না। এদিকে, দুই হাজার ২২০টি আসনের বিপরীতে ১ হাজার ৫৩০ জন শিক্ষার্থী ভর্তির জন্য ‘সম্মতি’ দেওয়ায় ৬৯০টির বেশি আসন শূন্যই রয়ে যাচ্ছে।
এ ছাড়া বেশ কিছু শিক্ষার্থী মনোনীত হলেও ভর্তি হচ্ছেন বলে জানা গেছে। ফলে অন্তত ৭০০ আসন শূন্যই থেকে যাচ্ছে গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ে। গুচ্ছভুক্ত একটি নতুন বিশ্ববিদ্যালয়ের উপাঁচার্য এবং ভর্তি কমিটির সদস্য না প্রকাশ না করে সোমবার বলেন, আমরা ভেবেছিলাম খুব কম আসন শূন্য থাকবে। ২০০-২৫০ আসন শূন্য থাকলে সেটা স্বাভাবিক হতো।
কিন্তু ৭০০ কিংবা তারও বেশি আসন শূন্য থাকলে এটা দুঃখজনক। তিনি বলেন, শেষ দফায় আমরা যদিও ঘোষণা দিয়েছিলাম আর ভর্তি নেওয়া হবে না। কিন্তু সেটা হয়তো আরও একবার বাড়ানো হতে পারে। আজ (সোমবার) ভর্তি শেষে পরিসংখ্যানটা বোঝা যাবে।
সন্ধ্যার পর হয়তো মিটিং হবে। সেখানে এটা নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত হবে। গুচ্ছ ভর্তি কমিটির আহ্বায়ক শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাঁচার্য ফরিদ উদ্দিন আহমেদ বলেন, সব আসন যে পূরণ হয়ে যাবে, তা তো নয়।
নিজ নিজ উদ্যোগে ভর্তি পরীক্ষা নিলেও অনেক বিশ্ববিদ্যালয়ে সময় শেষে ৫০-৬০টা আসন শূন্য থেকে যায়। আমরা চাই না এমন আসন শূন্য থাকুক। কিন্তু করার তো কিছু নেই। তিনি বলেন, টেকনিক্যাল বিভিন্ন কারণে একটু বেশি আসন শূন্য থেকে যাচ্ছে। আবার ভর্তি নেওয়া হবে নাকি বন্ধ করে দেওয়া হবে, সেটা মিটিং করে দ্রুতই আমরা সিদ্ধান্ত জানাবো।
