আলো ডেস্কঃ ভয়েস অব আমেরিকাকে দেওয়া সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিথ্যাচার করেছেন বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বলেছেন, বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে কোনো দুর্নীতির মামলা নেই। সেই টাকা এখন আট কোটির উপরে চলে গেছে। শুধু রাজনৈতিক কারণে বেগম জিয়া যাতে রাজনীতিতে না থাকতে পারেন এজন্যই মিথ্যা মামলা দিয়ে তাকে আটকে রাখা হয়েছে। আমাদের নেতা তারেক রহমানকেও একইভাবে মিথ্যা মামলা দিয়ে নির্বাসিত করে রাখা হয়েছে।
শনিবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল ও টিএন্ডটির সামনের রাস্তায় এক কনভেনশনে তিনি এসব কথা বলেন।
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, মজুরি কমিশন, জাতীয় বেতন স্কেল, ন্যূনতম মজুরি, শ্রম পরিস্থিতি ও চলমান এক দফা দাবি আদায়ের লক্ষে জাতীয় শ্রমিক কর্মচারী কনভেনশন আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল ও সম্মিলিত শ্রমিক পরিষদ।
ফখরুল অভিযোগ করে বলেন, সরকার আমাদের ৪৫ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে। একটি ভয়াবহ রাষ্ট্র তৈরি করেছে। এটাকে রাষ্ট্র বলা যাবে না, এটা আওয়ামী লীগের নির্যাতনের রাষ্ট্রে পরিণত হয়েছে।
বিএনপি মহাসচিব বলেন, শ্রমিক শ্রেণি গণতন্ত্রের জন্য লড়াই করেছে। আবারও তারা লড়াই করবে বলে আমরা বিশ্বাস করি।
শ্রমিক কর্মচারী কনভেনশন আয়োজক কমিটির সমন্বয়ক শামসুর রহমান শিমুল বিশ্বাসের সভাপতিত্বে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, জাতীয় পার্টি (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, জেএসডি সভাপতি আ স ম আব্দুর রব, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্ন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফ হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক রফিকুল ইসলাম বাবলু, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সমন্বয়ক হাসনাত কাইয়ুম, বিএনপির যুগ্ম মহাসচিব মুজিবুর রহমান সারোয়ার প্রমুখ বক্তব্য দেন।
