আলো ডেস্কঃ ছাত্র ও শ্রমীক ঐক্য গঠন করার পর চলমান আন্দোলনে একটা জোরসে ধাক্কা দিলেই সরকারের পতন হবে বলে মনে করছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও শ্রমিক নেতা নজরুল ইসলাম খান।
শনিবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর মতিঝিল আইডিয়াল হাইস্কুলের সামনে এক দফা দাবিতে খালেদা জিয়াসহ অন্য কারাবন্দীদের মুক্তি, জাতীয় সংসদ বিলুপ্তি ও দলনিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের এক দফা দাবিতে জাতীয় শ্রমিক কর্মচারী কনভেনশন বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কনভেনশনের আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল ও সম্মিলিত শ্রমিক পরিষদ (এসএসপি)।
নজরুল ইসলাম খান বলেন, এ সরকার নড়বড় করছে! দেশে-বিদেশে কোথাও জায়গা পাচ্ছে না! কাজেই একটা জোরসে ধাক্কা দিলেই সরকারের পতন হবে ইনশা আল্লাহ। আর কোনো বড় ধাক্কা এ দেশের রাজনীতিতে হয়নি, যতক্ষণ না ছাত্র-শ্রমিক সেখানে যুক্ত না হয়েছেন।
শ্রমজীবী কনভেনশনে সভাপতিত্ব করেন শ্রমিক কর্মচারী কনভেনশন আয়োজন কমিটির সমন্বয়ক ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা শামসুর রহমান শিমুল বিশ্বাস।
শ্রমজীবী কনভেনশনে প্রধান অতিথি হিসেবে মঞ্চে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া আরও উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকসহ অনান্যরা।
