আলো ডেস্ক: সংবাদ প্রকাশের জেরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সাংবাদিক ইকবাল মনোয়ারকে যে বহিষ্কার করা হয়েছে তা প্রত্যাহার ও উপাচার্যের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সাংবাদিকরা। গতকাল শনিবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে এই দাবি জানানো হয়।
মানববন্ধনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ক্যাম্পাস সাংবাদিক আলী ইউনুস হৃদয় বলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভিসি পদে থাকার নৈতিক অধিকার হারিয়েছেন। অবিলম্বে তার পদত্যাগ করা উচিত।
এ ছাড়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ক্যাম্পাস সাংবাদিক রবিউল আলম বলেন, ভিসির মন্তব্যের ওপর প্রতিবেদন প্রকাশের জন্য যদি কোনো সাংবাদিককে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা লঙ্ঘনের অভিযোগে সাময়িক বরখাস্ত করা যায়, তাহলে কর্তৃপক্ষের উচিত প্রথমে শিক্ষার্থীদের দুর্নীতির বিষয়ে উৎসাহ দেওয়ার জন্য ভিসিকে সাসপেন্ড করা। একজন বিশ্ববিদ্যালয়ের ভিসি কীভাবে এমন মন্তব্য করতে পারেন? তার নিজেরই পদত্যাগ করা উচিত।
অনুষ্ঠানে বক্তারা ভিসির পদত্যাগ ও সাময়িক বরখাস্ত না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন। মানববন্ধনে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় কাজ করা ক্যাম্পাস প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
