আলো ডেস্ক: টাঙ্গাইলের কালিহাতীতে একটি ভ্যানকে ওভারটেক করতে গিয়ে প্রাইভেটকারে ধাক্কা লেগে জাকির (২৮) ও আসাদুজ্জামান (২০) নামে দুই মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। গতকাল শনিবার সকাল সাড়ে ১১টায় কালিহাতী-বল্লা রোডের কামার্থী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জাকির (মোটরসাইকেল চালক) উপজেলার বীরবাসিন্দা ইউনিয়নের বীর বাসিন্দা গ্রামের দেলোয়ারের ছেলে ও আসাদুজ্জামান (মোটরসাইকেল আরোহী) একই গ্রামের আরফান আলীর ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, কালিহাতী-বল্লা রোডের চারান এলাকা থেকে মোটরসাইকেলটি কালিহাতী বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিল এবং প্রাইভেটকারটি কালিহাতী বাসস্ট্যান্ড এলাকা থেকে চারানের দিকে ফিরছিল।
পথে কালিহাতী পৌরসভার কামার্থী এলাকায় পৌঁছলে মোটরসাইকেলটি একটি ভ্যানকে ওভারটেক করতে গিয়ে প্রাইভেটকারের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় মোটরসাইকেলের নিচে পড়ে ঘটনাস্থলেই জাকিরের মৃত্যু হয়। এছাড়া মোটরসাইকেলের আরোহী আসাদুজ্জামান গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
সেখানে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে রেফার্ড করেন। পরে টাঙ্গাইল থেকে ঢাকা নেওয়ার পথে তারও মৃত্যু হয়। কালিহাতী থানার ওসি মোল্লা আজিজুর রহমান জানান, মোটরসাইকেল ও প্রাইভেটকারটি পুলিশ হেফাজতে রাখা হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
