আলো ডেস্ক: সরকারকে বাধ্য করে তত্ত্বাবধায়কের দাবি আদায় করা হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল বুধবার বিকেলে রাজধানীর গুলশানে হোটেল সিক্স সিজনে এক সেমিনারে এ কথা জানান তিনি।
বিএনপির মহাসচিব বলেন, আজ সমগ্র জাতি সরকার পরিবর্তনে ঐক্যবদ্ধ হয়ে গেছে। এই সরকারের অধীনে আমরা নির্বাচনে যাবো না। তাই জনগণের প্রতিনিধিকে ক্ষমতায় আনতে অবশ্যই একদফা আন্দোলনের মাধ্যমে তত্ত্বাবধায়কের দাবি আদায় ছাড়া বিকল্প কোনো পথ নেই।
মির্জা ফখরুল আরও বলেন, ২০০৬ সালে বিরোধীদলের নেত্রী থাকা অবস্থায় বর্তমান প্রধানমন্ত্রী একটি বক্তব্য রেখেছিলেন- ‘সংবিধানের ধারা অব্যাহত রাখতে তত্ত্বাবধায়ক সরকার বিধান কার্যকর করতে হবে’। সংস্কারের কথা বলে তিনি সেই তত্ত্বাবধায়ক সরকারের কথা বলেছিলেন।
তবে আজ কেন তত্ত্বাবধায়ক দিতে এত আপত্তি। বর্তমান সরকারের পদত্যাগ দাবি করে তিনি বলেন, সরকার যতই আপত্তি তুলুক, সব রাজনৈতিক দলগুলো আজ একই দাবিতে একমত হয়েছি। আমরা সরকারের পদত্যাগ চাই।
এই সংসদের বিলুপ্তির মাধ্যমে একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর চাই। একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে আমাদের দায়িত্ব হচ্ছে জনগণের সামনে তত্ত্বাবধায়কের গুরত্ব তুলে ধরা।
