আলো ডেস্ক: মোটরসাইকেলে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় আর ফেনী ফেরা হলো না শিক্ষক মজনু মজুমদারের (৩৫)। দুর্ঘটনাস্থলেই তিনি নিহত হন। ফেনী-ছাগলনাইয়া সড়কের কালাপুল এলাকায় গতকাল সোমবার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিক্ষক মজনু ফেনী কম্পিউটার ইনস্টিটিউটের ইনস্ট্রাক্টর ছিলেন।
তিনি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার শান্তির হাট এলাকার বাসিন্দা। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, গতকাল সোমবার এক মোটরসাইকেল আরোহী ফেনীর দিকে আসার সময় কালাপোল নামক স্থানে একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে ধাক্কা খায়। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের সহকর্মীরা জানান, গত রোববার কলেজ কার্যক্রম শেষ করে মজনু অসুস্থ স্ত্রীকে দেখতে মোটরসাইকেলযোগে ফটিকছড়িতে যান। সেখান থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়।
তার মৃত্যুর খবরে ফেনী কম্পিউটার ইনস্টিটিউটে শোকের ছায়া নেমে এসেছে। ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা (আরএমও) ডা. সোয়াইব ইমতিয়াজ জানান, হাসপাতালে আনার আগেই মজনুর মৃত্যু হয়েছে। ছাগলনাইয়া থানার ওসি সুদ্বীপ রায় পলাশ বলেন, হাসপাতালে নেওয়ার পর স্বজনরা কাউকে কিছু না বলে লাশ নিয়ে চলে গেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
