আলো ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ট্রাক-ভটভটি সংঘর্ষে রাহাদ আলী নামে পাঁচ বছরের এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় এক পা হারিয়ে গুরুতর আহতাবস্থায় হাসপাতালে চিকিৎসা নিচ্ছে মা রুনি বেগম।
গত রোববার দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের রসুলপুর মোড়ে এ দুর্ঘটনায় ঘটে। মা ও শিশু শিবগঞ্জ পৌর এলাকার তরকারিপট্টি গ্রামের বাসিন্দা।
দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জোবায়ের আহাম্মদ। তিনি জানান, সড়ক দুর্ঘটনায় একজন শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় গুরুতর আহত শিশুর মাকে চিকিৎসার জন্য জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। তার একটি পা বিচ্ছিন্ন হয়ে গেছে। স্থানীয়রা জানায়, শিশু রাহাদ মায়ের সঙ্গে ভটভটিতে করে রসুলপুর হতে শিবগঞ্জ বাজারের দিকে যাচ্ছিল।
এ সময় রসুলপুর মোড়ে পৌঁছালে বিপরীত দিকে থেকে আসা একটি ট্রাকের সঙ্গে ভটভটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মারা যায় শিশু রাহাদ। এ সময় শিশু রাহাদের মার একটি পা বিচ্ছিন্ন হয়ে যায়। তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
