আলো ডেস্ক: বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চতুর্থ গণবিজ্ঞপ্তির ‘ত্রুটিপূর্ণ ফলাফল’ বাতিলের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন মেধাক্রমে সুপারিশপ্রত্যাশী শিক্ষক ফোরাম। গতকাল রোববার রাজধানীর রাজধানীর ইস্কাটন গার্ডেন রোডে এনটিআরসিএ কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করেন তারা। এ সময় পুলিশ বাধা দিলে কর্মসূচি স্থগিত রেখে এনটিআরসিএ চেয়ারম্যানের সঙ্গে কথা বলেন চাকরিপ্রার্থীরা।
চতুর্থ গণবিজ্ঞপ্তিতিতে মেধাক্রমে সুপারিশপ্রত্যাশী শিক্ষক ফোরামের আহ্বায়ক আনিসুর রহমান জানান, এনটিআরসিএ-এর ক্রটিপূর্ণ ফলাফল বাতিলের দাবিতে সকাল ১০টার দিকে এনটিআরসিএ কার্যালয়ের সামনের রাস্তায় ব্যানার ও প্ল্যাকার্ড হাতে দাবি আদায়ে অবস্থান নেন চাকরিপ্রার্থীরা। ওই সময় পুলিশ ঘটনাস্থলে এসে কর্মসূচি পালনে বাধা দেয়। একপর্যায়ে আন্দোলনকারীদের ব্যানারও কেড়ে নেওয়া হয়। তিনি বলেন, ‘ভিআইপি এলাকায় কর্মসূচি পালন করতে দেবে না বলে জানিয়েছে পুলিশ।
জাতীয় প্রেসক্লাবের সামনে কর্মসূচি পালনের কথা বলেছেন তারা। একপর্যায়ের পুলিশের সহায়তায় চেয়ারম্যানের সঙ্গে কথা হয়েছে, তিনি আশ্বাস দিয়েছেন।’ আনিসুর রহমান বলেন, ‘আমরা বিভিন্ন প্রতিষ্ঠান পছন্দ দিয়েছিলাম। কিন্তু সেগুলোয় আমাদের সুপারিশ করা হয়নি। কিন্তু আমাদের চেয়ে মেধাতালিকায় পিছিয়ে থাকা অনেককেই ওইসব প্রতিষ্ঠানে সুপারিশ করা হয়েছে। আমরা এর আগেও এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে লিখিতভাবে অভিযোগ দিয়েছি। কিন্তু কোনো লাভ হয়নি। সে কারণে আজ আমরা এখানে কর্মসূচি পালন করতে বাধ্য হয়েছি।’
এনটিআরসিএ চেয়ারম্যান মো. এনামুল কাদের খান বলেন, ‘যারা আন্দোলন করছেন তাদের অনেকেই আমাদের কাছে আবেদন জানিয়েছেন। তাদের আবেদন যাচাই করা হচ্ছে, এটা প্রক্রিয়াধীন। পরে তাদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে আন্দোলনকারীদের মধ্যে অনেকেই আগে থেকে অন্য প্রতিষ্ঠানে কর্মরত ও ইনডেক্সধারী। সেসব প্রার্থীদের রোল নম্বরগুলো ব্লক করে রাখা হয়েছিল, সে কারণে সমস্যা হতে পারে। দুই একটিতে সমস্যাও থাকতে পারে। আবেদনগুলো ফের যাচাই-বাছাই করবো।’ এনটিআরসিএ-র আশ্বাসের পরে আন্দোলনকারীরা পূর্বনির্ধারিত কর্মসূচি স্থগিত করে ঘটনাস্থল ত্যাগ করেন।
