আলো ডেস্কঃ নিত্যপণ্যের দামের ঊর্ধ্বগতিতে দরিদ্র ও নিম্নবিত্তের মানুষকে স্বস্তি দিতে সুলভে তিনটি পণ্য বিক্রি করছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। এতে মাসে প্রত্যেক কার্ডধারীর ৩১৪ টাকা সাশ্রয় হচ্ছে। সানেমের একজন গবেষক বলেছেন, সার্বিকভাবে এই উদ্যোগ বড় ধরনের সুবিধা না দিলেও গরিবদের উপকারই হচ্ছে। বর্তমান মূল্যস্ফীতির সময়ে দাম আরো কমানোর পাশাপাশি পণ্যের সংখ্যা বাড়ানো যায় কি না, তা বিবেচনা করা উচিত।
সারা বছর বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিষ্ঠান টিসিবি কার্ডের মাধ্যমে তেল, ডাল ও চিনি বিক্রি করে। তবে একজন কার্ডধারী মাসে সর্বোচ্চ একবার দুই লিটার তেল, দুই কেজি ডাল এবং এক কেজি চিনি কিনতে পারেন। রোজার মাস উপলক্ষে গত মার্চে ছোলা ও খেজুরও দেওয়া হয়েছে।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১ নম্বর ওয়ার্ডে খিলগাঁও ঝিলপারে মেসার্স দেলওয়ার স্টোরের মালিক মো. দেলওয়ার হোসেন টিসিবির পণ্য বিক্রি করেন। তিনি কালের কণ্ঠকে বলেন, ‘মাসে একবার মাল উঠবে (পণ্য পাওয়া যায়)।
এটা ওয়ার্ডভিত্তিক, কার্ডধারী লোকদের কাছে দোকানে রেখে বিক্রি করতে হবে, প্রতি মাসে একবার। একজন ক্রেতা এক কার্ডে একবার পাবে। যারা টিসিবির পণ্য বিক্রি করবে তারা ওয়ার্ডে যাদের কার্ড আছে শুধু তাদের কাছে বিক্রি করতে পারবে। বর্তমানে এটাই নিয়ম।’ তিনি আরো বলেন, ‘আজ (গত বুধবার) পণ্য নিয়ে এসেছি। কমিশনার সাহেব প্যাকেট করে বিক্রি করতে বলেছেন। এজন্য প্যাকেট করা হচ্ছে। কাল (বৃহস্পতিবার) সকাল ১০টা থেকে বিক্রি করব। মাল যতক্ষণ থাকে ততক্ষণ বিক্রি চলবে।’
টিসিবি সূত্রে জানা গেছে, সারা দেশে এক কোটি মানুষকে টিসিবির কার্ড দেওয়া হয়েছে। এর মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন মিলে মোট ১৩ লাখ বাসিন্দাকে কার্ড দেওয়া হয়েছে। গত মাসে রোজা উপলক্ষে ছোলা ও খেজুরও দেওয়া হয়েছিল। চলতি মাসে ডাল, চিনি ও তেল সরবরাহ করা হচ্ছে, ২০ এপ্রিলের মধ্যে এগুলোর বিক্রি শেষ হবে। এক কোটি পরিবারকে দেওয়ার জন্য ১০ হাজার মেট্রিক টন চিনি, ২০ হাজার মেট্রিক টন ডাল এবং দুই কোটি লিটার তেল বরাদ্দ রেখেছে প্রতিষ্ঠানটি।
সানেমের গবেষণা পরিচালক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক সায়মা হক বিদিশা কালের কণ্ঠকে বলেন, ‘এখানে দুটি বিষয়। একটি হলো টিসিবিতে সব নিত্যপণ্য নেই। দ্বিতীয়ত, পরিমাণে যা দেওয়া হচ্ছে, তা দিয়ে সারা মাস চলে না। সার্বিকভাবে বলতে গেলে খুব বড় ধরনের সুবিধা হচ্ছে না। তার পরও বলব, সার্বিকভাবে এই উদ্যোগ ভালো। টাকার হিসাবে খুব বড় প্রভাব ফেলছে না, কিন্তু যাদের কথা আমরা বলছি, তাদের ক্ষেত্রে ওই পণ্যগুলো কেনার ক্ষেত্রে সামান্য উপকার হলেও তাতে ক্ষতি কী? তবে আমরা মূল্যস্ফীতি নিয়ে কথা বলছি। সে ক্ষেত্রে ওই জিনিসগুলোর দাম আরো কমানো যায় কি না, সেটা ভাবা দরকার। যে উপকারটুকু মানুষ পাঁচ্ছে, তা খুবই কম (মার্জিনাল)। তাই বলে উঠিয়ে ফেলা হোক, সেটা বলব না। পণ্যের সংখ্যা ও পরিমাণ আরো বাড়ানো এবং সরকার যদি আরো একটু ভর্তুকি দেয়, তাহলে তাদের (কার্ডধারীদের) উল্লেখযোগ্য লাভ হতো।’
টিসিবির মুখপাত্র হুমায়ুন কবির কালের কণ্ঠকে বলেন, ‘পণ্য বাড়ানোর সম্ভাবনা এখন নেই। তিনটি পণ্য সরবরাহ করাটাই এখন চ্যালেঞ্জ। পবিত্র রমজানের সময় ছোলা ও খেজুর আমরা দিয়েছি, যা খুবই জরুরি ছিল। আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত পেঁয়াজ যুক্ত করি। আপাতত পরিকল্পনার মধ্যে এতটুকুই আছে, যা আমরা সুচারুরূপে করার চেষ্টা করছি।’
