আলো ডেস্কঃ ঈদ আসার আগেই সরগরম হয়ে উঠে রাজধানীর সবচেয়ে বড় কাপড়ের মার্কেট বঙ্গবাজার। তিল ধারণের ঠাঁই থাকে না। অথচ এবারের চিত্রটা ভিন্ন। ব্যস্ত মার্কেট যেন এখন শ্মশান। সব কাপড়ের দোকান স্মরণকালের ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেছে । পথে বসেছেন কয়েক হাজার ব্যবসায়ী। তাদের সাহায্যার্থে অনেকেই এগিয়ে এসেছেন। বিদ্যানন্দও পিছিয়ে নেই। এবার স্থানীয় প্রশাসনের মাধ্যমে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ব্যবসায়ী এবং কর্মচারীদের কাছে দেড় কোটি টাকা প্রদানের প্রস্তুতি নিচ্ছে সংগঠনটি।
সরকারের সদয় দৃষ্টি চেয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী এবং কর্মচারীারা। তাদের সাহায্যার্থে এগিয়ে আসছেন দেশের সর্বস্তরের মানুষ। যে যার সাধ্যমতো চেষ্টা করছেন ক্ষতিগ্রস্তদের মুখে হাসি ফুটাতে। তারা যেন ঈদটা ভালোমতো কাটাতে পারেন, সেজন্য আপ্রাণ চেষ্টা করছেন অনেকেই।
মিডিয়া অঙ্গনের লোকজনও পিছিয়ে নেই। বিদ্যানন্দের উদ্যোগে সংগ্রহ করা পোড়া কাপড় লাখ টাকা দিয়ে কিনেছেন অনেকেই। তাহসান, সাবিলা, অপূর্ব, বুবলি, তিশা, কোনালসহ যুক্ত হচ্ছে অনেক নাম।
‘কাপড়গুলো বিক্রি করতে পারলে কর্মচারীদের বেতন দিতে পারতাম’ বলে হা-হুতাশ করা এক ক্ষুদ্র ব্যবসায়ী মজিদ চাচার কাছ থেকে শাড়ি সংগ্রহ করে বিদ্যানন্দ কথা দিয়ে এসেছিল শাড়িগুলো বিক্রি করে হাসি মুখেই ফিরবে। তাই তারা অনলাইনে বিক্রয়কর্মী হিসেবে রিহার্সাল শুরু করে। কাজটা যে অত সহজ না, তা বুঝতে পারে তারা।
কাজটায় যেহেতু স্কিল দরকার, সেহেতু অভিজ্ঞ তারকা বিক্রেতাদের সাহায্য কামনা করা হয়। আশানুরূপ সাড়াও আসে। তারই ধারাবাহিকতায় স্থানীয় প্রশাসনের মাধ্যমে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ব্যবসায়ী এবং কর্মচারীদের কাছে দেড় কোটি টাকা প্রদানের প্রস্তুতি নিচ্ছে বিদ্যানন্দ ফাউন্ডেশন।
