আলো ডেস্ক: বাড়িতে ঢুকে নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ খানকে গুলি করার ঘটনায় জড়িত চারজনকে আটক করেছে পুলিশ। গত শনিবার দিবাগত রাতে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গত শনিবার ভোর সোয়া ৬টার দিকে শিবপুর থানা সংলগ্ন নিজ বাসার ড্রইং রুমে ঢুকে শিবপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ খানকে গুলি করেন সন্ত্রাসীরা। গুরুত্বর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শিবপুর থানার ওসি ফিরোজ তালুকদার বলেন, ঘটনার পর থেকে শিবপুর থানা পুলিশ, গোয়েন্দা পুলিশ ও ঢাকা মহানগর পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে চারজনকে আটক করে।
আহত উপজেলা চেয়ারম্যানের সঙ্গে কথা বলেছি। তিনি সুস্থ হয়ে থানায় অভিযোগ দেবেন। বিষয়টি নিয়ে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবেন।
এদিকে উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও বর্তমান উপজেলা চেয়ারম্যান হারুনুর রশিদ খানের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সংসদ। গতকাল রোববার সকালে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে এ বিক্ষোভ হয়। থম থমে অবস্থা বিরাজ করে।
