আলো ডেস্ক: ময়মনসিংহের নান্দাইল উপজেলায় সাবেক ইউপি সদস্য হত্যা মামলায় বাবা ছেলেকে গ্রেপ্তার করেছে র্যাব-১৪। গতকাল রোববার ভোরে কিশোরগঞ্জের বাজিতপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন- উপজেলার বেলতৈল গ্রামের মৃত আবদুল জলিলের ছেলে মো. আবদুল সাত্তার (৭০) তার ছেলে আবদুল মমিন (১৯)।
র্যাব জানায়, সাবেক ইউপি সদস্য আবু সাইদের সঙ্গে একই এলাকার মৃত আবদুল জলিলের ছেলে মো. আবদুল সাত্তারের দীর্ঘদিন টাকার লেনদেন নিয়ে বিবাদ চলে আসছিল। ২২ ফেব্রুয়ারি বিকেলে আবু সাইদ বনগ্রাম চৌরাস্তা বাজারে ওষুধ কিনতে যান। কিন্তু সন্ধ্যা পেরিয়ে রাত হলেও বাড়ি না ফেরায় তার ছেলেরা খুঁজতে বের হন।
খুঁজতে খুঁজতে একই গ্রামের সাত্তার নামে একজনের পান ক্ষেতের পাশ দিয়ে যাওয়ার সময় আবু সাইদের নম্বরে ফোন করলে বেজে ওঠে। সেখানে খোঁজাখুঁজি করে পানক্ষেতের ড্রেনে অর্ধেক মাটিতে পুঁতে রাখা অবস্থায় সাইদকে দেখতে পান স্বজনরা। থানায় খবর দিয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
এ ঘটনার পরদিন নিহতের ছেলে বাদী হয়ে নান্দাইল মডেল থানায় হত্যা মামলা করেন। র্যাব-১৪ এর জনসংযোগ কর্মকর্তা সিনিয়র সহকারী পরিচালক আনোয়ার হোসেন বলেন, গ্রেপ্তাররা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
