আলো ডেস্ক: পুলিশ পরিচয়ে চাঁদা আদায়ের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দুই শিক্ষার্থীকে আটক করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে সোহরাওয়ার্দী উদ্যানের রমনা কালি মন্দির এলাকা থেকে তাদের আটক করে শাহবাগ থানা পুলিশ। ভুক্তভোগী বাদী হয়ে ছিনতাইয়ের মামলা করলে গতকাল শুক্রবার তাদেরকে কোর্টে চালান করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর মোহাম্মদ।
আটককৃতরা হলেন-ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী মোহাইমিনুল ইসলাম ইমন এবং অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষার্থী রাজিব হোসাইন রবিন। দুজনই বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ছাত্র। খোঁজ নিয়ে জানা যায়, দুজনই ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত। ছাত্রলীগ সূত্রে জানায়, মোহাইমিনুল ইসলাম ইমন মাস্টারদা’ সূর্যসেন হল ছাত্রলীগের সহ-সভাপতি আর রাজিব হোসাইন রবিন শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ছাত্রলীগের সহ-সভাপতি।
মোহাইমিনুল ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেনের অনুসারী। আর রবিন ঢাবি ছাত্রলীগ সভাপতি মাজহারুল কবির শয়নের অনুসারী হিসেবে পরিচিত। আটকের বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর মোহাম্মদ বলেন, ‘বইমেলায় আসা চার ব্যক্তির কাছ থেকে পুলিশ পরিচয়ে চাঁদাবাজি করায় আমরা তাদের দুজনকে সোহরাওয়ার্দী উদ্যান থেকে আটক করেছি।
তারা ৯০০ টাকা চাঁদা নিয়েছে ওই ব্যাক্তিদের থেকে। পুলিশ বিষয়টি জানতে পেরে ঘটনাস্থল থেকে তাদের আটক করে। পরে ভুক্তভোগী বাদী হয়ে মামলা করলে গতকালকে তাদেরকে কোর্টে চালান করে দেওয়া হয়েছে।’ বিষয়ে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন বলেন, ‘অন্যায়কারীদের বিরুদ্ধে আমাদের অবস্থান কঠিন।
ইতোমধ্যেই কেন্দ্রীয় ছাত্রলীগ এসব অপরাধের কারণে অনেককে বহিষ্কার করেছে। গতরাতের ঘটনা পুলিশ আমাদের জানিয়েছে, আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেছি। পরবর্তীতে আমরা তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেবো।’
