আলো ডেস্কঃ বিএনপির পদযাত্রা কর্মসূচির আগে সংক্ষিপ্ত সমাবেশে নেতাকর্মীদের সুশৃঙ্খলভাবে অবস্থান নিতে বারংবার তাগিদ দিচ্ছেন বিএনপির ঢাকা দক্ষিণের আহ্বায়ক আবদুস সালাম। এ সময় উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ করে তিনি বলেন, ‘কারা কারা সমাবেশ থেকে দূরে সরে যাচ্ছে আমি দেখছি। নেতা হওয়া এত সহজ না, এত সহজে দলের পদ পাওয়া যায় না।
যারা এখানে না বসবে তাদের পদ দেওয়া হবে না।’ শুক্রবার ১০ দফা দাবি আদায়ে বিএনপি ঘোষিত যুগপৎ কর্মসূচি হিসেবে এই মহানগর পদযাত্রার আয়োজন করা হয়। বিএনপির ঢাকা দক্ষিণের উদ্যোগে মতিঝিল গোপীবাগ সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টার সামনে থেকে এই পদযাত্রা শুরু হবে। এবং বিএনপি ঢাকা উত্তরের উদ্যোগে উত্তরা জসিম উদ্দিন মোড় থেকে পদযাত্রা শুরু হবে।
দুপুর আড়াইটায় পদযাত্রা শুরু করার কথা থাকলেও নেতাকর্মীদের মাঝে শৃঙ্খলা ফিরিয়ে আনতে পদযাত্রা শুরু হতে বিলম্ব হচ্ছে। এছাড়াও ঢাকার বিভিন্ন ওয়ার্ড থেকে বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠন পক্ষ হতে নেতাকর্মীরা ছোট ছোট মিছিল নিয়ে কর্মসূচিস্থলে উপস্থিত হচ্ছেন। পদযাত্রার পূর্বে একটি সংক্ষিপ্ত সমাবেশ করবে তারা।
বিএনপির ঢাকা দক্ষিণের পদযাত্রা কর্মসূচির নেতৃত্ব দিবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পদযাত্রায় আরও উপস্থিত থাকবেন দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, আমির খসরু মাহমুদ চৌধুরী। পদযাত্রা ও সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন বিএনপি ঢাকা দক্ষিণের আহ্বায়ক আবদুস সালাম।
