আলো ডেস্ক: বাংলাদেশে সৌরবিদ্যুৎ ও সেচ ব্যবস্থার উন্নয়নে সহযোগিতা করবে জার্মানি। গত বুধবার বার্লিনের স্থানীয় সময় বিকেলে বার্লিনের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে কৃষিমন্ত্রী ড. মো. আবদুর রাজ্জাকের সঙ্গে দ্বিপাক্ষিক সভায় জার্মানির পার্লামেন্টারি স্টেট সেক্রেটারি ফর ইকোনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট ড. বার্বেল কফলার এ সহযোগিতার কথা জানান।
গতকাল বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে কৃষি মন্ত্রণালয়। সভায় জার্মান মন্ত্রী ড. কফলার বাংলাদেশে তাদের সহযোগিতায় চলমান প্রকল্পের সাফল্য তুলে ধরেন এবং বাংলাদেশের কৃষিক্ষেত্রে জলবায়ু অভিযোজনে চলমান সহযোগিতা আরও বাড়ানোর আশ্বাস দেন। এ সময় কৃষিমন্ত্রী বাংলাদেশের কৃষিখাতে গত ১৪ বছরে অর্জিত সাফল্য তুলে ধরেন। তিনি বলেন, বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ।
বিশ্বে বাংলাদেশ ধান উৎপাদনে তৃতীয়, সবজি উৎপাদনে তৃতীয়, পেঁয়াজ উৎপাদনে তৃতীয়, আম ও আলু উৎপাদনে সপ্তম অবস্থানে রয়েছে। আম, কাঁঠাল, পেঁপেসহ অনেক ফল বহু দেশে রপ্তানি হচ্ছে। কৃষিপণ্যের রপ্তানি বৃদ্ধির জন্য আন্তর্জাতিকমানের অ্যাক্রেডিটেড ল্যাব স্থাপন, উত্তম কৃষি চর্চার (জিএপি) বাস্তবায়ন এবং কৃষিতে জলবায়ু অভিযোজন সক্ষমতা বাড়াতে জার্মানির সহযোগিতা কামনা করেন কৃষিমন্ত্রী।
