আলো ডেস্ক: রাজবাড়ী সদর উপজেলায় পারিবারিক কলহের জের ধরে বিউটি বেগম (৩০) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ২টার দিকে উপজেলার বানিবহের বার্থায় ঘটনাটি ঘটে। ঘটনার পর থেকে তার আবদুল লতিফ কাজী পলাতক আছেন।
বিউটির মামাতো ভাই শাহিন মন্ডল জানান, ১২ বছর আগে আবদুল লতিফ কাজীর সঙ্গে বোন বিউটির বিয়ে হয়। তাদের ১১ বছরের মেয়ে ও চার বছরের ছেলে আছে। কয়েকবছর ধরে তাদের প্রায়ই ঝগড়া বিবাদ চলে আসছিল। মধ্যরাতে বড় মীমের সামনে বিউটিকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায় লতিফ। সঠিক তদন্তের মাধ্যমে এ হত্যার বিচার দাবি জানাচ্ছি।
রাজবাড়ী সদর থানার ওসি মো. শাহাদাত হোসেন বলেন, পারিবারিক বিরোধের জের ধরে লতিফ কাজী তার স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে। খবর পেয়ে লাশ উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘাতক লতিফ কাজীকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। পাশাপাশি হত্যার প্রকৃত রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।
