আলো ডেস্ক: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার একটি বাড়ি থেকে বিস্ফোরক তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার আশারকান্দি ইউনিয়নের দিঘলবাক এলাকার ওই বাড়িটি ঘিরে রেখে অভিযান চালান আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
পুলিশ জানায়, গত বৃহস্পতিবার জগন্নাথপুর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মোহাম্মদ নুরে আলম সিদ্দিক একটি মামলার সমন নিয়ে আসামি আফজল হোসেনের বাড়িতে গেলে তিনি পুলিশ দেখে পালিয়ে যান। এ সময় আফজলের বাড়ির কক্ষে বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস, সাদা পাউডার ও যন্ত্রপাতি দেখতে পান এএসআই নুরে আলম। ফিরে গিয়ে বিষয়টি তিনি জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) জানান।
পরে ওসি বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানালে গতকাল রোববার সকালে বোম্ব ডিসপোজাল ইউনিটসহ পুলিশের কয়েকটি ইউনিট এবং সেনাবাহিনীর বিশেষজ্ঞ টিম ঘটনাস্থলে অভিযান চালায়। এরপর সেখান থেক বিস্ফোরক তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করা হয়। গতকাল রোববার সন্ধ্যায় অতিরিক্ত পুলিশ সুপার রিপন কুমার মোদক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, অভিযানে বিপুল পরিমাণ বিস্ফোরক তৈরির সরঞ্জাম, বিস্ফোরক জাতীয় পাউডার ও বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস উদ্ধার করা করা হয়। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। বর্তমানে ওই এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক।
