আলো ডেস্ক: ফরিদপুরের বোয়ালমারীতে একটি কারখানার বাথরুম থেকে গোপনাঙ্গ কর্তন অবস্থায় এক যুবককে উদ্ধার করা হয়েছে। প্রথমে তাকে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। গতকাল রোববার বেলা ১১টার দিকে উপজেলার হাসামদিয়া এলাকার পারফেক্ট পলিমার ইন্ডাস্ট্রিজের ভেতরে এ ঘটনা ঘটে। ওই যুবকের নাম শাহিন আলম (২৬)।
তিনি ঝিনাইদহের মহেশপুর উপজেলার কাঞ্চনপুর গ্রামের আমির হোসেনের ছেলে। শাহিন ফরিদপুরে পারফেক্ট পলিমার ইন্ডাস্ট্রিজে সেলাই মেশিনের অপারেটর হিসেবে চাকরি করেন। স্থানীয়, পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, শাহিন আলম পারফেক্ট পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ভেতরের একটি রুমে থাকেন। গতকাল রোববার তার কোনো ডিউটি ছিল না। তাই তার রুমেই ছিলেন। হঠাৎ রুমের বাথরুমের ভেতরে তার চিৎকার শুনে পাশের রুমের লোকজন ছুটে আসেন। এ সময় বাথরুমের ভেতরে তাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান।
তার গোপনাঙ্গ কাটা ছিল। তাকে উদ্ধার করে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। তবে কীভাবে এ ঘটনা ঘটেছে সে বিষয়ে ওই যুবক কিছুই বলছেন না বলে জানিয়েছেন হাসপাতালটির চিকিৎসকরা। ঘটনার বিষয়ে জানতে এ প্রতিবেদক ওই যুবকের একাধিক সহকর্মীসহ তার পরিবারের সঙ্গে যোগাযোগ করেন। তবে তারা কেউই বিস্তারিত জানাতে পারেননি।
আহত যুবক শাহিন আলমের ভাই সাদিকুল ইসলাম বলেন, ‘দুপুর ১২টার দিকে আমরা এ খবর পেয়েছি। আমরা এখন ঢাকায় রওনা দিয়েছি। তবে, কীভাবে এ ঘটনা ঘটলো আমার ভাই সে বিষয়ে এখনো কিছু বলেনি।’ তিনি আরও বলেন, ‘এক বিকাশের দোকানে টাকা দেওয়া-নেওয়া নিয়ে আমার ভাইয়ের গত শনিবার একটু ঝামেলা হয়েছিল। পরে বিষয়টি আমরা ফোন করে সমাধান করি।
এ ছাড়া তিন-চার মাসে আগে সে বিয়ে করে। তবে বউয়ের সঙ্গে তার কোনো ঝামেলা নেই।’ এ বিষয়ে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আবদুল ওহাব বলেন, ঘটনার কারণ এখনো জানতে পারিনি। তবে, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তারা এখনো পথে রয়েছেন। বিস্তারিত পরে জানা যাবে।
