আলো ডেস্ক: হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১৫ হাজার ৪০০ পিস ইয়াবাসহ মো. রুবেল নামে এক সৌদি প্রবাসীকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। গতকাল শনিবার বিকালে বিমানবন্দরের বহির্গমন টার্মিনালের ১ নম্বর হেবি লাগেজ গেইট থেকে তাকে আটক করা হয়।
আটকের বিষয়টি নিশ্চিত করে বিমানবন্দর এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক জানান, বিমানবন্দরে সৌদি প্রবাসী রুবেলের আচরণ সন্দেহজনক মনে হলে এপিবিএনের গোয়েন্দারা তাকে জিজ্ঞাসাবাদ করেন। এরপর তাকে অফিসে এনে লাগেজ থেকে বিপুল পরিমাণ ইয়াবা জব্দ করা হয়।
তিনি জানান, রুবেল একজন টিকটকার। টিকটকের সুবাদে সৌদিতে আব্দুল্লাহ আল মামুন নামে এক প্রবাসীর সঙ্গে তার পরিচয় হয়। তিনিই ইয়াবাগুলো বহন করতে রুবেলকে তিন লাখ টাকা দিতে চান। টাকার লোভে তিনি ইয়াবাগুলো সৌদিতে নিয়ে যাচ্ছিলেন। রুবেলের বাড়ি চাঁদপুর। তিনি দীর্ঘ ছয় বছর ধরে সৌদিতে থাকেন। সেখানে একটি ফুড ডেলিভারি কোম্পানিতে কাজ করতেন।
