আলো ডেস্ক: জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, সাংবিধানিক, গণতান্ত্রিক ও নির্বাচনী প্রক্রিয়াকে ধ্বংস করাসহ অন্যায়ের ভারে সরকারের ক্ষমতার মঞ্চ যে কোনো সময় ভেঙে পড়বে। তিনি বলেছেন, জনগণ, আইনের শাসন ও সংবিধানের ওপর সরকার নির্ভর করছে না, সরকার নির্ভর করছে শুধু বল প্রয়োগের ওপর।
সরকার জনগণের ভোটাধিকার ছিনতাই করেও অন্যায়ের পক্ষেই সাফাই গেয়ে চলছে। ক্ষমতাচ্যুত হওয়ার ভয়ে এ সরকার অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করতে অক্ষম। ২০১৮ সালে জাতীয় ঐক্য ফ্রন্টকে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ওপর ভরসা রাখার প্রতিশ্রুতি দিয়ে সরকার রাতের ভোটের ওপর ভরসা রেখেছে। সুতরাং নির্বাচনের প্রশ্নে এ সরকারের ওপর ভরসা করার কোনো উপায় নেই।
গতকাল শনিবার বাংলাদেশ ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আ স ম আবদুর রবের সঙ্গে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি তৌফিক উজ জামান পিরাচার নেতৃত্বে একটি প্রতিনিধি দল মতবিনিময় ও সৌজন্য সাক্ষাতে মিলিত হন। উত্তরা বাসভবনে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি। আ স ম রব বলেন, একটি গণতান্ত্রিক ও সমতাভিত্তিক সমাজ প্রতিষ্ঠার রাজনৈতিক সংগ্রামে, বৃহত্তর জনতার স্বার্থে অঙ্গীকারাবদ্ধ ইতিহাস সচেতন লড়াকু নেতৃত্ব প্রয়োজন।
রাষ্ট্র রূপান্তরে ‘অংশীদারিত্বের গণতন্ত্র’ প্রতিষ্ঠার সংগ্রামে গড়ে ওঠা গণশক্তির সক্রিয় ও শক্তিমান বিকাশ বিদ্যমান সংকট নিরসনে রাজনৈতিক দিশা খুঁজে পাবে। সঙ্ঘবদ্ধ লড়াই ও সংগ্রামের মাধ্যমে ফ্যাসিবাদী ব্যবস্থা উচ্ছেদে গণঅভ্যুত্থান সৃষ্টিতে ছাত্র সমাজকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। অনুষ্ঠানে ছাত্রলীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মাহমুদুল হাসান মুক্তার, সহ-সভাপতি গোলাম ফারুক সরকার সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মোস্তফা আলী, অর্থ সম্পাদক ইসমাইল হোসেন রাজু ও কেন্দ্রীয় সদস্য মিল্লাত হোসেনসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
