আলো ডেস্ক: গাইাবান্ধা-৫ আসনের উপ-নির্বাচনের ফের ভোটগ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে বুধবার। সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ করবে নির্বাচন কমিশন (ইসি)। ভোটগ্রহণ করা হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)। ইসির যুগ্ম সচিব এসএম আসাদুজ্জামান জানিয়েছেন, ভোটগ্রহণের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
১৪৩ কেন্দ্রের প্রতিটিতে বসানো হয়েছে সিসি ক্যামেরা। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় ও নির্বাচন কমিশন থেকে সিসি ক্যামেরার ভোট সরাসরি পর্যবেক্ষণ করা হবে। এদিকে নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানা জানিয়েছেন, ১২ অক্টোবরের মতো অনিয়ম পেলে ফের ভোটগ্রহণ বন্ধ করা হবে। কোনো ছাড় দেওয়া হবে না। নির্বাচন উপলক্ষে ইতোমধ্যে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মাঠে নেমেছেন।
সাধারণ ভোটকেন্দ্রে ১৬ থেকে ১৭ জন এবং ঝুঁকিপূর্ণ কেন্দ্রে নিয়োজিত রয়েছে ১৭ থেকে ১৮ জনের ফোর্স। ভোটকেন্দ্র পাহারায় পুলিশ, অঙ্গীভ‚ত আনসার ও গ্রাম পুলিশ ভোটের আগে পরে চারদিনের জন্য মোতায়েন থাকবে। এছাড়া পুলিশ, এপিবিএন ও ব্যাটেলিয়ন আনসারের ছয়টি ভ্রাম্যমাণ ও চারটি স্ট্রাইকিং ফোর্স ভোটের মাঠে থাকবেন।
অন্যদিকে চার প্লাটুন বিজিবি ও র্যাবের নয়টি টিম আইন-শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করবেন। এদিকে নয় জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও দু’জন বিচারিক ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ও সংক্ষিপ্ত বিচারকাজ সম্পন্ন করবেন।
