আলো ডেস্ক: শুধু সচেতনতা দিয়ে পরিবেশ রক্ষা সম্ভব না। এজন্য সব স্তরের মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। সরকারের নীতিমালা বাস্তবায়নের সঙ্গে সেসব বিষয়ে উদ্যোগ গ্রহণ করতে হবে। আগামী ১৩-১৪ জানুয়ারি দুই দিনব্যাপী পরিবেশমূলক সমাবেশ ও সম্মেলনের আয়োজন করার ঘোষণা করেছে পরিবেশবাদী সংগঠনগুলো। এর মাধ্যমে পরিবেশের বর্তমান চিত্র, তার প্রতিকার ও সচেতনতা তুলে ধরা হবে বলে জানানো হয়। গতকাল সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও বাংলাদেশ পরিবেশ নেটওয়ার্ক (বেন) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়।
লিখিত বক্তব্যে পরিবেশ সমাবেশ কমিটির সদস্যসচিব আলমগীর কবির বলেন, দেশে সাম্প্রতিককালে অর্থনৈতিক উন্নয়ন হয়েছে।। বহু রাস্তাঘাট, সেতু, বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা হচ্ছে। এতে পরিবেশের দ্রুত অবক্ষয় হচ্ছে। বহু নদ-নদী শুকিয়ে ও দখল হয়ে গেছে। খাল, বিল, পুকুর-দীঘি, হাওর হারিয়ে যাচ্ছে। যা কিছু অবশিষ্ট আছে তা আজ চরমভাবে দূষিত। তিনি আরও বলেন, বহু স্থানে দূষণের কারণে নদীর তীরবর্তী অঞ্চলে বসবাস করা কঠিন হয়ে পড়েছে। দেশের বন ও পাহাড়ের পরিবেশের প্রকট অবক্ষয় চোখে পড়ছে। এমনিতেই বাংলাদেশের বনের পরিমাণ কম। যেটুকু ছিল তাও দ্রæত হারিয়ে যাচ্ছে। শিল্পায়ন ও নগরায়নের কারণে মধুপুর ও গাজীপুরের শালবন বিলীন হচ্ছে।
বসতি স্থাপন, বাগান ও অন্যান্য কৃষির স¤প্রসারণ, বিভিন্ন সরকারি এবং বাণিজ্যিক প্রতিষ্ঠান নির্মাণে পার্বত্য চট্টগ্রামের বনাঞ্চল সংকুচিত ও বিপন্ন হয়ে পড়েছে। পাহাড়ে বসবাস করা মানুষের জীবন হুমকির মুখে পড়েছে। বলা হয়েছে, জলাশয় রক্ষা আইন সরকার গ্রহণ করেছে। দেশের সর্বোচ্চ আদালত নদ-নদীকে জীবন্ত সত্ত্বা হিসেবে স্বীকৃতি দিয়েছে। পরিবেশবান্ধব নির্মাণ বিধিধিমালা গৃহীত হয়েছে। অন্যান্য পরিবেশে রক্ষা অভিমুখী নীতি, আইন, বিধি, দূষণমুক্ত করার জন্য কিছু পদক্ষেপ গ্রহণ করা হলেও তা বাস্তবায়ন হচ্ছে না।
পরিবেশ রক্ষার প্রতি জনসমর্থন প্রদর্শন এবং বৃদ্ধির লক্ষ্যে বাপা দেশের পরিবেশবাদী অন্যান্য সংগঠনের সহযোগিতায় আগামী ১৩-১৪ জানুয়ারি ঢাকায় শহীদ মিনারে সমাবেশের আয়োজন করা হবে। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পরিবেশ সমাবেশ প্রস্তুতি কমিটির চেয়ারম্যান ও বাপার সহ-সভাপতি অধ্যাপক খন্দকার বজলুল হক বলেন, পরিবেশের সমস্যা শুধুমাত্র নদ-নদী, হাওর-বাওরে সীমাবদ্ধ নয়। বর্তমানে এটি দেশজুড়ে ছড়িয়ে পড়েছে। মেগা প্রকল্পের কারণে জলাবদ্ধতাসহ নানা ধরনের নেতিবাচক প্রভাব পড়েছে।
এ কারণে শুস্ক মৌসুমে পানি প্রবাহ ব্যাপকভাবে হ্রাস পেয়েছে। হঠাৎ উত্থান-পতনের মাত্রা মারাত্মকভাবে বেড়েছে। এজন্য আইনের শাসন বাস্তবায়ন হচ্ছে না। তিনি বলেন, ঢাকায় বায়ুদূষণের মাত্রা প্রথম অথবা দ্বিতীয় অবস্থানে থাকতে দেখা যায়। হাতেগোনা কয়েকটি দেশ বায়ুদূষণ মুক্ত হলেও পৃথিবী বায়ুদূষণ মুক্ত নয়। এজন্য সব দেশকে একসঙ্গে কাজ করতে হবে। মানুষের সচেতনতা বৃদ্ধি, প্রতিকার তৈরি ও তৃণমূল পর্যায়ে কী ধরনের প্রভাব পড়ছে, তা তুলে ধরতে পরিবেশমূলক সমাবেশের আয়োজন করা হচ্ছে। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাফার নির্বাহী সদস্য অধ্যাপক এম শহিদুল ইসলাম, বাপার যুগ্ম-সম্পাদক মিহির বিশ্বাস, বেনের বৈশ্বিক সমন্বয়ক ড. মো. খালিকুজ্জামান প্রমুখ।
