আলো ডেস্ক: বিড়ি শিল্পকে শুল্কমুক্ত করে মজুরি বৃদ্ধিসহ পাঁচ দফা দাবিতে মানববন্ধন করেছে শ্রমিক ইউনিয়ন। গতকাল সোমবার দুপুরে রংপুর বিভাগীয় কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট অফিসের সামনে এ কর্মসূচি পালন করেন তারা। পরে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট অফিসের কমিশনার সুরেশ চন্দ্র বিশ্বাস বরাবর পাঁচ দফা দাবি সম্বলিত স্মারকলিপি দেওয়া হয়।
দাবিগুলো হলো- ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর আগ্রাসন বন্ধ করা, যাচাই-বাছাই ব্যতিরেকে (অনলাইন) লাইসেন্সসহ রাজস্ব ফাঁকি দেওয়া সকল বিড়ি বন্ধ করা, সিগারেটের ন্যায় বিড়িতেও অগ্রিম আয়কর ৩ শতাংশ করা এবং বহুজাতিক কোম্পানির সিগারেটের মূল্য বৃদ্ধি করা। মানববন্ধনে বক্তারা বলেন, ব্রিটিশ-আমেরিকান টোব্যাকো বিড়ি শিল্পকে ধ্বংসে নানা পায়তারা চালিয়ে যাচ্ছে।
তাদের ষড়যন্ত্রে দেশিয় শিল্পগুলো রুগ্ন হয়ে যাচ্ছে। দেশিয় শ্রমিকবান্ধব বিড়ি শিল্প বন্ধ হয়ে যাচ্ছে। ফলে লাখ লাখ শ্রমিক বেকার হয়ে পরিবার নিয়ে মানবেতর জীবন যাপন করছে। বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি আমিন উদ্দিনের (বিএসসি) সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন ফেডারেশনের সাধারণ সম্পাদক আবদুর রহমান, সহ-সভাপতি নাজিম উদ্দিন, যুগ্ম-সম্পাদক হারিক হোসেন, সাংগঠনিক সম্পাদক আবদুল গফুর, সহ-সাংগঠনিক সম্পাদক আবুল হাসনাত লাভলু, প্রচার সম্পাদক শামীম ইসলাম ও কার্যকরী সদস্য আনোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
