আলো ডেস্ক: নীতিগত প্রশ্নে বিএনপি কখনো পাকিস্তানের ভাবাদর্শে বা ধ্যানধারণায় বিশ্বাস করে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান। গতকাল বুধবার সকালে মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে জামায়াতে ইসলামীর সঙ্গে বিএনপির রাজনৈতিক সংযোগ নিয়ে সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। তিনি বলেন, জামায়াতের সঙ্গে জোট-তো ৯৬ সালে আওয়ামী লীগও করেছিল। এখন কথা হলো, রাজনৈতিক প্রেক্ষাপটে তাদের সঙ্গে জোট করতে হয়েছে।
মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বলে যারা দাবি করে, সেই আওয়ামী লীগকেও কিন্তু তাদের সঙ্গে জোট করতে হয়েছে। তিনি বলেন, নীতিগত প্রশ্নে বিএনপি কখনো পাকিস্তানের ভাবাদর্শ বা ধ্যানধারণায় বিশ্বাস করে না। বিএনপি বিশ্বাস করে গণতান্ত্রিক ব্যবস্থায়। আজ আওয়ামী লীগ সেই গণতন্ত্রকে নির্বাসনে পাঠিয়েছে। ড. আবদুল মঈন খান বলেন, আপনারা জানেন যে স্বাধীনতার ঠিক পূর্বমুহূর্তে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসর আলবদর বাহিনী তারা হঠাৎ করেই বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে শিক্ষকতা করতেন তাদের হত্যা করেছিল।
তারা জানতো, তারা বুঝতে পেরেছিল, বাংলাদেশ স্বাধীন হবে, স্বাধীনতা তারা ঠেকাতে পারবে না। বুঝতে পেরেই এই ঘৃণ্য কাজটি তারা করেছিল। তারা জানত, একটি দেশের উন্নতি নির্ভর করে দেশের শিক্ষিত সমাজের ওপরে। শিক্ষিত সমাজকে যদি ধ্বংস করে দিতে পারে, তারা বাংলাদেশের উন্নয়নকে ব্যাহত করতে পারবে। সে কুচিন্তা থেকে এই ঘৃণ্য কাজটি করেছে।
তিনি বলেন, আজকে আমরা শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করি, তাদের চিরদিন স্মরণ করব। সরকারের সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, বর্তমান সরকারও এই দেশের শিক্ষাব্যবস্থাকে সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে। তাদের মূল উদ্দেশ্য, তারা চায় না দেশের মানুষ শিক্ষিত হোক। দেশের মানুষ শিক্ষিত হলে তারা অধিকারের কথা বলবে, গণতন্ত্র ও ভোটের কথা বলবে।
কথা বলার স্বাধীনতা চাইবে। সংবাদপত্র মুক্তচিন্তার প্রসার ঘটাতে পারে, সে সম্বন্ধে সোচ্চার হবে। দুঃখপ্রকাশ করে তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় একসময় প্রাচ্যের অক্সফোর্ড বলে পরিচিত ছিল, সেই বিশ্ববিদ্যালয় বিশ্বের এক হাজারটি বিশ্ববিদ্যালয়ের মধ্যেও স্থান করে নিতে পারেনি। এদেশের মানুষের সত্যিকার অর্থে উন্নয়ন করতে হলে জ্ঞান, বিজ্ঞান এবং শিক্ষায় দেশকে উন্নত করতে হবে। অস্ত্র দিয়ে, সন্ত্রাস করে দেশকে কোনো দিন উন্নতির পথে নিয়ে যাওয়া যায় না। মেগা প্রজেক্টের নামে দুর্নীতি করে দেশকে উন্নতির দিকে নিয়ে যাওয়া যায় না।
