আলো ডেস্ক: গণঅধিকার পরিষদের সদস্য সচিব ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, শহীদ বুদ্ধিজীবীরা আজ আর্তচিৎকার করছেন। জাতির শ্রেষ্ঠ সন্তানরা যে বাংলাদেশ চেয়েছিলেন, সেই বাংলাদেশ এখনো হয়নি। ভোটের অধিকার, ন্যায়বিচার ও সামাজিক বৈষম্য নিয়ে কথা বললে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রাতের আঁধারে ধরে নিয়ে যাচ্ছে। এটা পাকিস্তানের চেতনা।
১৯৭১ সালে পাক বাহিনীর সদস্যরা একইভাবে আমাদের বীর মুক্তিযোদ্ধাদের ধরে নিয়ে গিয়েছিল। গতকাল বুধবার সকালে রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। ভিপি নুর আরও বলেন, বর্তমান সরকার পাক চেতনাবোধ থেকে বের হতে পারেনি।
এখনো ভোটের অধিকার নিয়ে কথা বলতে হয়। এখনো গণমাধ্যম স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারে না। বুদ্ধিজীবীরা এখনো আত্মচিৎকার করেন। তারা এই বাংলাদেশ চাননি। তাদের উদ্দেশ্য বাস্তবায়ন করা গেলে ৫১ বছরে এসে সরকার ও বিএনপি মুখোমুখি অবস্থান করতো না। তিনি বলেন, রাতের আঁধারে এখনো ঠক ঠক শব্দ শুনতে পাই।
ভোটের অধিকার নিয়ে কথা বলতে গেলে রাতের আঁধারে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মানুষকে ধরে নিয়ে যাচ্ছে। এর আগে সকালে রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য বুদ্ধিজীবি স্মৃতিসৌধ উন্মুক্ত করে দেওয়া হয়।
