আলো ডেস্ক: বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ চার দিনের সরকারি সফরে কাতারের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। কাতার সশস্ত্র বাহিনীর বিশেষ আমন্ত্রণে গতকাল বুধবার তিনি সেদেশে সফরে গেলেন। সফর শেষে সেনাবাহিনী প্রধান আগামী ২৭ নভেম্বর দেশে ফিরবেন।
গতকাল বুধবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আইএসপিআর জানায়, সফরকালে সেনাপ্রধান কাতার সেনাবাহিনীর আমিরি গার্ড কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল হাজ্জা বিন খলিল আল শাওয়ানির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। সাক্ষাৎকালে তারা দুই দেশের সেনাবাহিনীর মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন ও পারস্পরিক সহযোগিতার বিষয়ে আলোচনা করবেন। এরপর তিনি সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থাপনা পরিদর্শন করবেন।
এছাড়াও কাতার সশস্ত্র বাহিনীর আমন্ত্রণে আমন্ত্রিত দর্শক হিসেবে তিনি কাতারে চলমান বিশ্বকাপ ফুটবল খেলা অবলোকন করবেন। এ সফরে বাংলাদেশ সরকারের কোনো আর্থিক সংশ্লেষ নেই বলেও জানায় আইএসপিআর। সেনাবাহিনী প্রধানের উদ্যোগে গত এক বছরে বাংলাদেশ এবং কাতার সেনাবাহিনীর মধ্যে বিদ্যমান সম্পর্কের অভূতপূর্ব উন্নতি হয়েছে। গত অক্টোবর মাসে কাতার সশস্ত্র বাহিনীর সঙ্গে বাংলাদেশের সামরিক সহযোগিতা বিষয়ক একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
