আলো ডেস্ক: লক্ষ্মীপুরে ছাত্রলীগের বিরুদ্ধে ছাত্রদলের ছয় নেতাকে পিটিয়ে জখমের অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় সদর উপজেলার কুশাখালী ইউনিয়নের এ্যানি চৌধুরী উচ্চবিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে। আহত সবাই সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। খবর পেয়ে রাত ৯টার দিকে জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক অ্যাডভোকেট হাছিবুর রহমান, সদর উপজেলা বিএনপির সভাপতি মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজ, জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিম ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন হাসপাতালে যান।
আহতরা হলেন- নবগঠিত কুশাখালী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ওসমান গণি, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. সাকিব, চৌধুরী মাহমুদুন্নবী সুজন, দিদার হোসেন, সাংগঠনিক সম্পাদক আরমান চৌধুরী ও সদস্য আরমান হোসেন। ছাত্রদলের নেতাকর্মীরা জানান, বুধবার কুশাখালী ইউনিয়ন ছাত্রদলের কমিটির অনুমোদন দেয় উপজেলা কমিটি। ঘটনার সময় ছাত্রদল নেতাকর্মীরা একত্র হয়ে বিদ্যালয় মাঠে কথা বলছিলেন। হঠাৎ করে কুশাখালী ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক মোবারক শাহ বাহাদুরসহ ১৫-২০ জন এসে তাদের ওপর অতর্কিত হামলা করে।
কিছু বুঝে ওঠার আগেই কাঠ ও লাঠিসোটা দিয়ে তারা ছাত্রদলের নেতাদের পিটিয়ে আহত করে। পরে স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়। জেলা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক জিদান চৌধুরী বলেন, ঘটনাটি ন্যাক্কারজনক। কোনো কারণ ছাড়াই ছাত্রলীগ আমাদের নেতাকর্মীর ওপর হামলা চালিয়েছে।
আমরা ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি। ছাত্রলীগ নেতা মোবারক শাহ বাহাদুর বলেন, তাদের দলীয় কোন্দলের কারণে একে অপরের সঙ্গে মারামারি করেছে। এখন আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে। এ ঘটনার সঙ্গে ছাত্রলীগ জড়িত নয়। চন্দ্রগঞ্জ থানার ওসি তৌহিদুল ইসলাম বলেন, ঘটনাটি শুনেছি। ঘটনাস্থল পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
