আলো ডেস্ক: আজ শনিবার খুলনা মহানগরীর সোনালী ব্যাংক চত্বরে বিভাগীয় গণসমাবেশের ডাক দিয়েছে বিএনপি। বিএনপির ডাকা গণসমাবেশের আগের দিন গতকাল শুক্রবার খুলনায় বাস ও লঞ্চ চলাচল বন্ধ হয়ে গেছে। গতকাল শুক্রবার সকালে দুই দিনের পরিবহন ধর্মঘট শুরু করে জেলা বাস, মিনিবাস, কোচ, মাইক্রোবাস মালিক সমিতি। সংগঠনটির সংবাদ বিজ্ঞপ্তিতে ধর্মঘটের কারণ হিসেবে নছিমন, করিমন, ভটভটি, ইজিবাইকসহ সব অবৈধ যান চলাচল বন্ধের দাবির কথা বলা হলেও বিএনপি বলছে, তাদের গণসমাবেশ বাধাগ্রস্ত করতেই এ ধর্মঘট। অন্যদিকে বাস ধর্মঘটের পাশাপাশি খুলনায় একই দিনে শুরু হয় যাত্রীবাহী লঞ্চ ধর্মঘট।
গতকাল শুক্রবার সকালে ১০ দফা দাবিতে ৪৮ ঘণ্টার ওই ধর্মঘট শুরু করে লঞ্চ শ্রমিক ইউনিয়ন। এর ফলে খুলনা থেকে দক্ষিণ দিকে (দাকোপ, কয়রা, সাতক্ষীরা) যাতায়াতের সব লঞ্চ চলাচল বন্ধ। সংশ্লিষ্টরা জানিয়েছেন, এই রুটে প্রতিদিন ১৫টি লঞ্চ চলাচল করে। বাংলাদেশ লঞ্চ লেবার অ্যাসোসিয়েশনের খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন দাবি করেছেন, বেতন বৃদ্ধিসহ ১০ দফা দাবিতে তারা ৪৮ ঘণ্টার ধর্মঘট আহবান করেছেন। এর সঙ্গে বিএনপির সমাবেশের কোনো সম্পর্ক নেই। এর আগে নছিমন-করিমন-ভটভটিসহ সব যান চলাচল বন্ধের প্রতিবাদে খুলনার ১৮ রুটের অধিকাংশ রুটে গতকাল শুক্রবার সকাল থেকে দুইদিনের পরিবহন ধর্মঘট শুরু হয়। এতে দূর দূরান্তের যাত্রীদের চরম দুর্ভোগের শিকার হতে হয়।
একই সঙ্গে পরিবহন চলাচল বন্ধ থাকায় বিপাকে পড়েন বিভিন্ন জেলার দলটির নেতাকর্মীরা। জানা যায়, সব পথে গাড়ি বন্ধের ঘোষণা থাকলেও ঢাকা-খুলনার রুটের বাস যশোর ও গোপালগঞ্জ পর্যন্ত যাবে। সাতক্ষীরামুখী যেসব বাস যশোর হয়ে চলে, সেগুলো চলবে। তবে যেগুলো খুলনা হয়ে চলে সেগুলো বন্ধ থাকবে। মূলত খুলনায় কোনো গাড়ি প্রবেশ করবে না এবং খুলনা থেকে বিভিন্ন রুটের গাড়ি ছেড়ে যাবে না এ দুদিন। সোনাডাঙা বাস টার্মিনালে গিয়ে দেখা যায়, সকাল থেকে বিভিন্ন গন্তব্যের যাত্রীরা এসে ফিরে যেতে বাধ্য হচ্ছেন। বিএনপির গণসমাবেশ বানচাল করতে পরিবহন ধর্মঘট ডেকে জনগণকে জিম্মি করা হয়েছে এমন অভিযোগ সবার মুখে।
এদিকে বিএনপি নেতারা বলছেন, পরিবহন ধর্মঘট ডেকে কৃত্রিম সংকট সৃষ্টি ও নৌপথের সব বাহন বন্ধ করে দিলেও শনিবারের খুলনা বিভাগীয় গণসমাবেশ জনসমুদ্রে রূপ নেবে। বুধবার খুলনা জেলা বাস-মিনিবাস কোচ মালিক সমিতির জরুরি সভায় পরিবহন দুদিন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। সমিতির কর্মকর্তা, শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ ও মালিকদের উপস্থিতিতে সভায় বলা হয়, হাইকোর্টের সিদ্ধান্ত অমান্য করে সড়ক-মহাসড়কে নসিমন-করিমন, মহেন্দ্র, ইজিবাইক ও বিটিআরসির গাড়িগুলো চলাচল করছে। তাই এসব যান বন্ধের দাবিতে ২১ থেকে ২২ অক্টোবর পর্যন্ত দুদিন মালিক সমিতির সব গাড়ি বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়। খুলনা মহানগর বিএনপির আহবায়ক এসএম শফিকুল আলম মনা বলেন, শনিবার নগরীর সোনালী ব্যাংক চত্বরে খুলনা বিভাগীয় গণসমাবেশ। এ সমাবেশে যাতে নেতাকর্মীরা উপস্থিত হতে না পারে এ কারণে পরিবহন বন্ধ রাখা হয়েছে। এ ছাড়া কোনো কারণ ছাড়াই নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে গিয়ে তাদের আটক করে সমাবেশ বানচাল করার চেষ্টা করছে।
বাগেরহাটেও বন্ধ গণপরিবহন, দুর্ভোগে যাত্রীরা: এদিকে মহাসড়কে অবৈধ যান চলাচল বন্ধের দাবিতে গতকাল শুক্রবার থেকে বাগেরহাটে সব ধরনের বাস চলাচল বন্ধ রয়েছে। বাগেরহাট আন্তঃজেলা বাস-মিনিবাস মালিক সমিতি ও বাগেরহাট মোটর শ্রমিক ইউনিয়ন যৌথভাবে এ সিদ্ধান্ত নেয়। যান চলাচল বন্ধ থাকায় গতকাল শুক্রবার ভোর থেকে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন নিয়োগ পরীক্ষায় অংশ নিতে আসা পরীক্ষার্থীরা। গণপরিবহন বন্ধ থাকায় কেউ হেঁটে, কেউ ভ্যান বা ইজিবাইকে চড়ে চেষ্টা করছেন গন্তব্যে পৌঁছানোর।
নিয়োগ পরীক্ষায় অংশ নিতে গোপালগঞ্জে যাবেন দিপা রায় নামের এক পরীক্ষার্থী। বড় ভাইয়ের সঙ্গে বের হয়ে কোনো যানবাহন না পাওয়ায় হাঁটতে দেখা যায় তাকে। আক্ষেপ করে বলছিলেন সমাবেশ খুলনায় হলেও ঢাকার পরিবহন বন্ধ রাখা হয়েছে। সময়মতো কেন্দ্রেই হয়তো যেতে পারবো না। পাবনা থেকে পিরোজপুরের উদ্দেশ্যে আসা হাসান নামের এক ব্যক্তি বলেন, খুলনায় ভোর ৪টার সময় পৌঁছালেও ভ্যানে চড়ে বাগেরহাট আসতে সময় লেগেছে প্রায় ৪ ঘণ্টা।
বাসস্ট্যান্ডে এসে কিছু না পাওয়ায় অন্য যানের অপেক্ষায় আছি। বাড়ি যেতে পারবো কিনা তাই নিয়ে সংশয়ে আছি। কচুয়া উপজেলা থেকে মাকে নিয়ে খুলনায় চিকিৎসকের কাছে যাচ্ছিলেন রবিউল নামের এক ব্যক্তি। কিন্তু পরিবহন না থাকায় বাধ্য হয়ে ফিরে গেছেন বাড়িতে। বাগেরহাট জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক তালুকদার আবদুল বাকী বলেন, হাইকোর্টের সিদ্ধান্ত অমান্য করে সড়ক-মহাসড়কে অবৈধ যান চলাচল করছে। এটি সঠিকভাবে বাস্তবায়ন না হওয়া পর্যন্ত পরিবহন মালিক ও সংগঠন দুদিনের জন্য যান চলাচল বন্ধ করেছে।
