প্রেস বিজ্ঞপ্তি
১৮ অক্টোবর ২০২২ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর কনিষ্ঠ পুত্র ‘শেখ রাসেল’ এর ৫৯তম জন্মদিন এবং ‘শেখ রাসেল দিবস ২০২২’ উপলক্ষে সকাল ০৯.১০ মিনিটে মুজিব শতবর্ষ স্মারক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ম্যুরালে এবং সকাল ০৯.১৫ মিনিটে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এবং ০১(এক) মিনিট নীরবতা পালন এবং কোরআন ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
এরপর সকাল ০৯.৩০ মিনিটে রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো: হাবিবুর রহমান এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় শিক্ষা বোর্ডের সকল কর্মকর্তা/কর্মচারীরা অংশগ্রহণ করেন।
‘শেখ রাসেল দিবস ২০২২’ উপলক্ষে স্বাগত বক্তব্য রাখেন রাজশাহী শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক ও ‘শেখ রাসেল ২০২২’ উদ্যাপন কমিটির আহবায়ক জনাব মহা: জিয়াউল হক। এছাড়াও বক্তব্য রাখেন রাজশাহী শিক্ষা বোর্ডের সচিব জনাব মো: হুমায়ূন কবীর, পরীক্ষা নিয়ন্ত্রক জনাব মো: আরিফুল ইসলাম।
রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো: হাবিবুর রহমান তাঁর সমাপনী বক্তব্যে বলেন ‘১৯৭৫ সালের ১৫ই আগস্ট মানবতার ঘৃণ্য শত্রু-খুনি ঘাতক চক্রের নির্মম বুলেটের হাত থেকে রক্ষা পায়নি বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেল। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে নরপিশাচরা নিষ্ঠুরভাবে তাঁকেও হত্যা করেছে।
বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিরা তাঁকে হত্যা করে বঙ্গবন্ধুর রক্তের উত্তরাধিকার নিশ্চিহ্ন করতে চেয়েছিল। ইতিহাস সাক্ষ্য দেয় তাদের সেই অপচেষ্টা শতভাগ ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। শহীদ শেখ রাসেল আজ বাংলাদেশের শিশু কিশোর, তরুণ, শুভবুদ্ধিসম্পন্ন মানুষের কাছে ভালোবাসার নাম। অবহেলিত, পশ্চাতপদ, অধিকার বঞ্চিত শিশুদের আলোকিত জীবন গড়ার প্রতীক হয়ে গ্রাম-গঞ্জ-শহর তথা বাংলাদেশের বিস্তীর্ণ জনপদ লোকালয়ে শেখ রাসেল আজ এক মানবিক সত্ত্বায় পরিনত হয়েছে।’
তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলেন পৃথিবী যতদিন থাকবে বঙ্গবন্ধুর বাংলাদেশও পৃথিবীর মানচিত্রে মাথা উচু করে দাঁড়িয়ে থাকবে এবং প্রজন্ম থেকে প্রজন্ম বাংলাদেশের শিশু কিশোরদের মাঝে শেখ রাসেল ভালোবাসার প্রতীক ও মানবিক সত্ত্বা হয়ে বেঁচে থাকবে ইনশাল্লাহ।
আলোচনা সভা শেষে সকাল ১০.৩০ টায় ‘শেখ রাসেল দিবস ২০২২’ উপলক্ষ্যে শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পূর্নবাসন কেন্দ্রের শিশু অংশগ্রহনে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং বিজয়ীদের মাঝে রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মহোদয় পুরস্কার বিতরণ করেন। দুপুর ০১.৩০ টায় রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মহোদয় শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পূর্নবাসন কেন্দ্র, উপশহর, রাজশাহীতে শিশুদের মাঝে উন্নতমানে খাবার দিয়ে আপ্যায়িত করেন।
পরবর্তীতে বাদ আসর রাজশাহী শিক্ষা বোর্ড জামে মসজিদে মহান স্বাধীনতা যুদ্ধে শাহাদত বরণকারী সকল শহিদ এবং ১৯৭৫ সালের ১৫ আগস্টে শাহাদত বরণকারী সকল শহিদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া এবং বাদ আসর মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
