আলো ডেস্ক: গাইবান্ধার গোবিন্দগঞ্জে সুমিতা আকতার (২৬) নামের এক গৃহবধূর গলায় ওড়না পেচানো লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার সকাল সাড়ে ৯টার দিকে বৈরাগী হাট তদন্ত কেন্দ্রের পুলিশ লাশ থানায় নিয়ে আসে। নিহত সুমিতা উপজেলার রাজাহার ইউনিয়নের বানেশ্বর গ্রামের মেহেদী হাসানের স্ত্রী। স্থানীয়রা জানান, গত রোববার বিকেলে সুমিতা আকতারের সঙ্গে তার শ্বশুরের পারিবারিক বিষয়ে ঝগড়া হয়।
এরপর স্বামী-স্ত্রী রাতে শুয়ে পড়ে। সকালে পরিবারের লোকজন তাকে ওড়নার সঙ্গে ফাঁস লাগানো অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। গোবিন্দগঞ্জ থানার ওসি ইজার উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মৃত্যুর কারণ নিশ্চিত হতে লাশ মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে একটি মামলার প্রক্রিয়া চলছে।
