আলো ডেস্ক: চট্টগ্রামে অপহরণের একদিন পর অক্ষত অবস্থায় এক ভুক্তভোগীকে উদ্ধার করেছে কোতোয়ালি থানা পুলিশ। এ সময় অপহরণকারী চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। গত রোববার দিবাগত রাত সাড়ে ১২টা থেকে গতকাল সোমবার ভোর পর্যন্ত নগরীর হালিশহর এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার ও ভুক্তভোগীকে উদ্ধার করেছে পুলিশ।
গ্রেপ্তাররা হলো- চট্টগ্রামের স্বদ্বীপের মুছাপুর গ্রামের আবুল কালামের ছেলে মো. জাহেদ আলম (১৮), কুমিল্লার মুরাদনগর থানার ছিমবি মুন্সি বাড়ি গ্রামের মৃত মো. আদিল হোসেনের ছেলে মো. বেলাল হোসেন ইমন (১৮), লাকসাম থানার গাজী শাহ মাজার এলাকার মৃত ফজল হকের ছেলে মো. কাউছার (১৯) এবং নোয়ালখালী জেলার সুবর্ণচর থানাধীন আমুল্লা গ্রামের মো. হেলালের ছেলে মো. ইমন (১৮)।
তারা সবাই নগরীর হালিশহরের রঙ্গীপাড়ার বিভিন্ন ভাড়া বাসায় পরিবারের সঙ্গে বসবাস করতো। কোতোয়ালি থানার ওসি জাহিদুল কবীর বলেন, গত রোববার দুপুরে নগরীর হাজারী গলি থেকে মোরশেদুল আলম নামে এক ব্যক্তিকে অপহরণ করেছে একটি চক্র। এ ধরনের একটি অভিযোগের পরিপ্রেক্ষিতে দ্রুত মামলা নিয়ে তথ্যপ্রযুক্তি ও ঘটনাস্থলের আশপাশের সিসিটিভির ফুটেজ সংগ্রহ ও পর্যালোচনা করা হয়।
এরই ধারাবাহিকতায় গত রোববার দিবাগত রাতে হালিশহরের রঙ্গীপাড়া ও মুহুরীপাড়া এলাকায় অভিযান চালিয়ে অপহরণ চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার এবং তাদের হেফাজত থেকে ভুক্তভোগীকে উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত মনোয়ার ও ইয়াছমিন আক্তার নামে দুইজন কৌশলে পালিয়ে গেছে। তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
ওসি বলেন, চক্রটি ভাড়ায় চালিত সিএনজিচালিত অটোরিকশা নিয়ে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন স্থানে ঘুরে বেড়ায়। তার সাধারণ সাদাসিধে পথচারীদের টার্গেট করে আস্তানায় নিয়ে যায়। এরপর ভুক্তভোগীর সঙ্গ চক্রের মেয়ে সদস্যরা অশ্লীল ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেওয়ার ভয় দেখিয়ে মুক্তিপণ আদায় করে আসছিল। গ্রেপ্তারদের গতকাল সোমবার সকালে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
