আলো ডেস্ক: নিখোঁজ হওয়ার ২৯ দিন পর খুলনার আলোচিত রহিমা বেগমকে গত শনিবার রাতে ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার সদর ইউনিয়নের সৈয়দপুর গ্রাম থেকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। খুলনার দৌলতপুর থানার মহেশ্বরপাশা এলাকা থেকে রহিমা বেগম নিখোঁজ হয়েছিলেন। বোয়ালমারীর যে বাড়ি থেকে তাকে উদ্ধার করা হয়েছে ওই বাড়ির মালিক (৭০) কুদ্দুস মোল্যা ২৫/৩০ বছর আগে খুলনার মিরেরচর এলাকায় অবস্থিত সোনালী জুট মিলে কাজ করতেন। তখন রহিমা বেগমের বাড়িতে তিনি ভাড়া থাকতেন।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য কুদ্দুস মোল্যার পরিবারের তিন সদস্যকে আটক করে খুলনায় নিয়ে যাওয়া হয়েছে। কুদ্দুস মোল্যার ভাগ্নে জয়নাল খান বলেন, গত ১৭ সেপ্টেম্বর রহিমা বেগম নামের ওই নারী মামার (কুদ্দুস মোল্যা) বাড়িতে এসে আশ্রয় চান। এরপর গত শুক্রবার ইউটিউবে ওই নারীর ছবিসহ নিখোঁজ হওয়ার একটি সংবাদ দেখি। বিষয়টি মামাতো ভাই আল আমিনকে (কুদ্দুস মোল্যার ছোট ছেলে) জানালে সে রহিমা বেগমের বড় ছেলে মিরাজের মোবাইল ফোনে ফোন দেয়।
কিন্তু ফোন ধরেন তার স্ত্রী। তিনি বিরক্ত প্রকাশ করেন এবং এ ব্যাপারে আর ফোন দিতে নিষেধ করেন। পরে বোয়ালমারী সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোশারফ হোসেনকে জানাই। তিনি খুলনার পুলিশ কমিশনারকে জানালে গত শনিবার রাতে খুলনা থেকে একদল পুলিশ এসে রহিমা বেগমকে নিয়ে যায়। জয়নাল খান আরও জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের কথা বলে কুদ্দুস মোল্যার স্ত্রী হীরা বেগম (৬০), তার ছোট ছেলে আল আমিন (২৫), কুদ্দুস মোল্যার ভাই আবুল কালামের স্ত্রী রেহেলা বেগমকে (৪৫) আটক করে তাদের সঙ্গে খুলনা নিয়ে গেছে। উল্লেখ্য, গত ২৭ আগস্ট রাত ১০টার দিকে খুলনার দৌলতপুরের মহেশ্বরপাশা উত্তর বণিকপাড়া এলাকার বাসার উঠানের নলক‚পে পানি আনতে যান রহিমা বেগম।
কিন্তু এক ঘণ্টা পরও তিনি বাসায় না ফেরায় তাঁর সন্তানেরা খোঁজাখুঁজি শুরু করেন। নলক‚পের পাশে তাঁদের মায়ের জুতা, ওড়না ও পানির পাত্র পড়ে থাকলেও মাকে তাঁরা খুঁজে পাননি। এ ঘটনায় ওই রাতেই রহিমা বেগমের ছেলে দৌলতপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরদিন তাঁর মেয়ে আদুরী আক্তার বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে থানায় অপহরণ মামলা করেন। এ ছাড়া বিষয়টি র্যাবকেও জানানো হয়। এ মামলায় ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মায়ের সন্ধান চেয়ে ঢাকায় মানববন্ধনের পাশাপাশি বিভিন্ন স্থানে দৌড়ঝাঁপ করে আসছিলেন সন্তানেরা। ফরিদপুরের বোয়ালমারী থানার ওসি মো. আবদুল ওহাব বলেন, খুলনা মহানগর পুলিশের এডিসি আবদুর রহমানের নেতৃত্বে একটি দল বোয়ালমারী সদর ইউনিয়নের সৈয়দপুর গ্রামের কুদ্দুস মোল্লার বাড়ি থেকে রহিমা বেগমকে উদ্ধার করে।
রহিমার বক্তব্য: এদিকে রহিমা বেগম দাবি করেছেন, নিজ বাসার নিচ থেকে ৪/৫ জন দুর্বৃত্ত মুখে কাপড় বেঁধে তাকে অপহরণ করেছিল। উদ্ধার হওয়ার প্রায় ১৬ ঘণ্টা পর গতকাল রোববার দুপুর ১টার দিকে সন্তানের মুখোমুখি করার পর তিনি মুখ খোলেন। পুলিশ ইনভেস্টিগেশন অব বাংলাদেশ (পিবিআই) খুলনার পুলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমান দুপুর আড়াইটার দিকে এ তথ্য জানান। পুলিশ সুপার বলেন, গত শনিবার ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার সৈয়দপুর গ্রাম থেকে উদ্ধারের পর থেকে কোনো কথাই বলছিলেন না রহিমা বেগম। বেলা ১টার দিকে মেয়ে মরিয়ম মান্নানসহ তাকে চার মেয়ের মুখোমুখি আনা হয়। এ সময় মেয়েরা মাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন।
পরে তিনি অপহৃত হয়েছিলেন বলে দাবি করেন। কান্নারত অবস্থায় মেয়েরা মাকে বলতে থাকেন, আমাদের ছেড়ে আর কোনোদিন কোথাও যাবে না! আমাদের জমি দরকার নেই। মাকে দরকার, তোমাকে দরকার! জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে সৈয়দ মোশফিকুর রহমান বলেন, রহিমা বেগমকে অপহরণের পর অজ্ঞাতস্থানে ছেড়ে দেওয়া হয় বলে দাবি করেন। জমি-জমার বিরোধ থাকা কিবরিয়া, মহিউদ্দিনসহ কয়েক ব্যক্তি তার কাছ থেকে সাদা স্ট্যাম্পে স্বাক্ষর নেন ও বাড়াবাড়ি না করার হুমকি দেন।
একপর্যায়ে তাকে একহাজার টাকা দিয়ে ছেড়ে দেন। রহিমা বেগমের দাবি, তিনি কিছুই চিনতে পারছিলেন না। একপর্যায়ে গোপালগঞ্জের মুকছেদপুর হয়ে পূর্ব পরিচিত ভাড়াটিয়ার ফরিদপুরের বোয়ালখালী উপজেলার সৈয়দপুর গ্রামে যান। কিন্তু তার কাছে কোনো মোবাইল নম্বর না থাকায় কারো সাথে যোগাযোগ করতে পারেননি। পুলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমান বলেন, আমরা রহিমা বেগমের বক্তব্য খতিয়ে দেখছি। তাকে আদালতে পাঠানো হয়েছে। আইন অনুযায়ী সবকিছু করা হবে।
আইনি পদক্ষেপ নেবে গ্রেপ্তার হেলালের পরিবার: এদিকে স্বেচ্ছায় আত্মগোপনে থাকা খুলনার দৌলতপুরের রহিমা বেগমের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে গুম মামলায় গ্রেপ্তার হওয়া হেলাল শরীফের পরিবার। একই সঙ্গে ক্ষতিপূরণও চাইবে তারা। গতকাল রোববার ল হেলাল শরীফের স্ত্রী মনিরা এ কথা জানান। তিনি বলেন, রহিমা বেগমের সৎ ছেলের কাছ থেকে জমি কিনেছিলাম। কিন্তু সেই জমির দখল তারা দেয়নি। এ নিয়ে অনেক ঝামেলা করেছে তারা। এমনকি মামলাও করেছিল।
সেই মামলায় আমার স্বামীসহ যারা আসামি ছিলেন সবাই অগ্রিম জামিন নেন। কিন্তু তারা এত প্রতিহিংসাপরায়ণ হবে তা আমরা বুঝতে পারিনি। মনিরা আরও বলেন, রহিমা নিজে আত্মগোপন করেছিলেন এটা এখন দিবালোকের মতো সত্য। কিন্তু ২৭ আগস্ট রাত থেকে রহিমা নিখোঁজ ছিলেন এ মর্মে তার মেয়ে থানায় একটি গুম মামলা করেন। সে মামলায় আমার স্বামী হেলাল শরীফসহ ছয়জনকে গ্রেপ্তার করে পুলিশ। যারা সবাই নির্দোষ। তিনি বলেন, কেউ রহিমাকে অপহরণ বা গুম করেনি।
কিন্তু এ মামলায় আমার স্বামী গ্রেপ্তার হওয়ার পর থেকে সামাজিকভাবে অনেক হেয় প্রতিপন্ন হতে হয়েছে। থানা পুলিশ ও আদালতে ছোটাছুটি করতে গিয়ে আমাদের আর্থিক ক্ষতি হয়েছে। আমি নিজেও অসুস্থ হয়ে পড়েছি। স্বামী বাড়িতে না থাকায় অনেক সংকটের মুখে পড়তে হয়েছে। এসবের ক্ষতিপূরণ চাই আমরা। স্বামী জমিন পেলে ওদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
