আলো ডেস্ক: আগামী জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ওই রোডম্যাপকে ‘আওয়ামী লীগ সরকারকে টিকিয়ে রাখার ষড়যন্ত্র’ বলে অভিহিত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, এই নির্বাচন কমিশন আওয়ামী লীগকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য, তাদের ক্ষমতাকে আরও দীর্ঘায়িত করার চেষ্টা করছে। এই ইসি একটা দালাল গোষ্ঠী।
গতকাল বুধবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এর আগে গতকাল বুধবার সকালে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনের অডিটোরিয়ামে রোডম্যাপ ঘোষণা করেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবীব খান। এ বিষয়ে মির্জা আব্বাস বলেন, উনি (সিইসি) বললেন আর নির্বাচন হয়ে গেলো।
আর আমরা বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষ মুখে আঙুল দিয়ে বসে থাকবো, আঙুল চুষবো? তিনি বলেন, বর্তমান নির্বাচন কমিশন গণতন্ত্র চায় না। তারা এখন আওয়ামী লীগের মোসাহেবি করছে, গোলামি করছে। এই ইসিকে নিয়ে আমাদের কথা বলার কথা নয়। এদের নিয়ে আমাদের মাথা ব্যথা নেই। এই সরকারকে যেখানে আমরা মানি না, এই ইসিকে আমরা মানবো কেন? বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, আমরা দৃঢ়তার সঙ্গে বলতে চাই, এই সরকার একটা অবৈধ সরকার। তাদের অধীনে এই দেশের জনগণ কোনো নির্বাচন মেনে নেবে না।
এই ইসির অধীনে কোনো নির্বাচন হবে না। যদি তারা (ইসি) চেষ্টা করেন তাহলে এটাকে প্রতিহত করা হবে। মির্জা আব্বাস আরও বলেন, আমাদের কাজ হচ্ছে এই সরকারের পতন ঘটানো এবং দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা। আজ শুধু বিএনপি নয়, সারাদেশের জনগণ ঐক্যবদ্ধ হয়েছে। আমাদের ঐক্যবদ্ধ আন্দোলন হবে, যুগপৎ আন্দোলন হবে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলুর সুস্থতা কামনা করে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালাম, মহানগর দক্ষিণের যুগ্ম আহবায়ক মোশাররফ হোসেন খোকন প্রমুখ বক্তব্য রাখেন।
