আলো ডেস্ক: সরকারের ই-সেবা দেওয়ার সময় সেবাগ্রহীতার পরিচয় নিশ্চিতে ‘পরিচয়’ প্ল্যাটফর্ম ব্যবহারে পরিষেবার মূল্য ও বণ্টন পদ্ধতি নির্ধারণ করে দেওয়া হয়েছে। গতকাল বুধবার ভর্চুয়ালি অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এ প্রস্তাবগুলোর অনুমোদন দেওয়া হয়। সভাশেষে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অনুমোদনের জন্য দুটি এবং ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অনুমোদনের জন্য ১৬টি প্রস্তাব উপস্থাপন করা হয়েছে। এর মধ্যে প্রস্তাবনাগুলোর মধ্যে বাণিজ্য মন্ত্রণালয়ের আটটি, কৃষি মন্ত্রণালয়ের দুটি, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের দুটি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের একটি, পানি সম্পদ মন্ত্রণালয়ের একটি, খাদ্য মন্ত্রণালয়ের একটি এবং সেতু বিভাগের একটি প্রস্তাবনা ছিল।
ক্রয় কমিটির অনুমোদিত এসব প্রস্তাবে মোট অর্থের পরিমাণ ৪ হাজার ৪৬ কোটি ১৭ লাখ ১৬ হাজার ৯২৫ টাকা। মোট অর্থায়নের মধ্যে জিওবি থেকে ব্যয় হবে ১ হাজার ৪৩ কোটি ১ লাখ ৪০ হাজার ৬০৯ টাকা এবং দেশীয় ব্যাংক ও এডিবি ঋণ ৩ হাজার ৩ কোটি ১৫ লাখ ৭৬ হাজার ৩১৬ টাকা। সভায় অনুমোদিত প্রস্তাবনাসমূহের বিস্তারিত সাংবাদিকদের তুলে ধরেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. আবদুল বারিক। তিনি বলেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল কর্তৃক ‘পরিচয়’ প্ল্যাটফর্মটি ব্যবহার করে সেবা দেওয়ার লক্ষ্যে নিম্নলিখিত হারে পরিষেবার মূল্য ও বণ্টন পদ্ধতি নির্ধারণ করার জন্য প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।
তিনি বলেন, এসব সংস্থার জন্য যে পরিষেবা মূল্যহার সেটি ১০০ ভাগ হলে সেখানে উপাত্ত স্বত্বাধিকারী পাবে ২০ শতাংশ। আর বিসিসি পাবে ২০ শতাংশ, পরিষেবা প্রদানকারী কর্তৃপক্ষ পাবে ৬০ শতাংশ। যিনি পরিষেবা নেবেন তার থেকে পাওয়া অর্থের বন্টনটি নির্ধারণ হয়েছে। একটি কোম্পানির সঙ্গে চুক্তি হয়েছে সেটি আমরা ঠিক করে দিয়েছি। ডিটিকন গ্লোবাল সার্ভিসেস লিমিটেড, এটি বাংলাদেশি কোম্পানি। তিনি বলেন, এ সেবার মাধ্যমে পরিচয় যাচাই করে দেওয়া হবে। এ কোম্পানি পরিচয় সে কাজটি করে দেবে।
বর্তমান ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, রাজস্ব বোর্ড, মোবাইলে সেবাদাতা প্রতিষ্ঠান, টেলিযোগাযোগ প্রতিষ্ঠান, সরকারি প্রতিষ্ঠানসহ ১৭০টির বেশি প্রতিষ্ঠান ‘পরিচয়’ সার্ভিসটি ব্যবহার করছে। এবং খাদ্যশস্যসহ ৭২টি প্রতিষ্ঠান এটি ব্যবহারে আগ্রহ প্রকাশ করেছে। ‘পরিচয়’ সার্ভিসটি ন্যাশনাল ডিজিটাল আর্কিটেকচারের ই-সার্ভিসের সঙ্গে সংযুক্ত। সরকারের ই-সেবা দেওয়ার সময় সেবাগ্রহীতার পরিচয় নিশ্চিত করা এবং নাগরিকের তথ্য উপাত্ত দেশের ভৌগলিক সীমারেখার মধ্যে রাখা সহজ। অতিরিক্ত সচিব বলেন, চুক্তিভিত্তিক কাজের ক্ষেত্রে সরকারের যে চুক্তি থাকবে সে অনুযায়ী কাজটা হবে। এটা ওপেন টেন্ডার হয়নি, সরাসরি কোম্পানীটিকে সিলেক্ট করা হয়েছে।
