ভ্রাম্যমান প্রতিনিধি
আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত এর আসাম রাজ্য সরকার মুসলমানদের মাদরাসা শিক্ষার উপর ব্যাপক বিধিনিষেধ আরোপ করেছে। আর এই কঠোরতা এখন বাস্তবায়ন করতে চান এই দেশের উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্য নাথ। এই প্রদেশের রাজ্য সরকার মাদরাসা শিক্ষার উপর নজরদারি বাড়িয়ে দিয়েছে। সম্প্রতি উত্তর প্রদেশের সংখ্যালঘু বিষয়ক দফতরের প্রতিমন্ত্রী দানেশ আজাদ আনসারী বলেন, রাজ্য সরকার খুব শীঘ্রই এই প্রদেশের মাদরাসাগুলির উপর সমীক্ষা চালাবে।
জাতীয় শিশু সুরক্ষা কমিশনের নির্দেশ মেনে এইসব মাদরাসায় মৌলিক সুযোগ- সুবিধা দেওয়া হচ্ছে কিনা এই সমীক্ষায় তা তুলে ধরা হবে। ২০১১ সালের আদমশুমারী মোতাবেক উত্তর প্রদেশে ৪ কোটি (১৯ দশমিক ২০ শতাংশ) মুসলিম সম্প্রদায়ের মানুষ বসবাস করে। এই প্রদেশে এই মুহুর্তে সাড়ে ১৬ হাজার মাদরাসা আছে। ইহার মধ্যে ৫৬০টি সরকারী অনুদানপ্রাপ্ত।
২০১৮ সালে উত্তর প্রদেশ সরকার সিদ্ধান্ত নেয় যে, এই প্রদেশের মাদরাসাগুলিতে উর্দ‚ ছাড়াও ইংরেজি, হিন্দী ভাষা শেখানো হবে। ইহা ছাড়াও জাতীয় শিক্ষা প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের পাঠ্যক্রম এইসব মাদরাসাগুলিতে পড়ানো হবে। ভারত দেশটিতে আগামী নির্বাচনের আগে মাদরাসার পঠনপাঠন, জঙ্গিবাদের মত বিষয় একটি ইস্যু হিসাবে কাজ করবে।
