আলো ডেস্ক: রাজশাহীর পবা উপজেলায় ভেরাপুড়া গ্রামের একটি পুকুর থেকে বৈদ্যনাথ সিং (৪২) নামের এক আদিবাসীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার দুপুরে তার লাশ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য সেটি রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়। নিহত বৈদ্যনাথ সিং ধোপাঘাটা গ্রামের বাসিন্দা।
তিনি বৈদ্যনাথ দুর্গাপুর উপজেলার ধোপাঘাটা গ্রামের কাজী কামালের বাগানে অন্য আদিবাসীদের সঙ্গে বসবাস করতেন। রাজশাহীর পবা থানার ওসি ফরিদ হোসেন জানান, রাস্তার ধারে পুকুরে ভেসে ছিল ওই আদিবাসী ব্যক্তির লাশ। লাশ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পরে পুলিশ গিয়ে দুপুরে লাশটি উদ্ধার করে।
ওসি আরও জানান, মরদেহের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে তার নাক দিয়ে সাদা ফেনা বের হতে দেখা গেছে। পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, স্থানীয় লোকজনদের জানিয়েছেন যে বৈদ্যনাথ নেশাজাতীয় দ্রব্য সেবন করতেন।
তাই প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নেশা করে বেসামাল হয়ে রাস্তা দিয়ে চলাচলের সময় পুকুরের পানিতে পড়ে তার মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্ত প্রতিবেদনে পরে অন্য কিছু পেলে সেই অনুযায়ী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
