সাজ্জাদুল তুহিন, নওগাঁ-
দেশে একটি মহল বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা করছে উল্লেখ করে এ ব্যাপারে সবাইকে সজাগ থাকার আহবান জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
শনিবার (২৭ আগস্ট) সন্ধ্যায় নওগাঁ শহরের কালীতলা শ্রীশ্রী বুড়া মাতার পূজামণ্ডপ চত্বরে জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহবান জানান।
খাদ্যমন্ত্রী বলেন, ‘সব ধর্মই কল্যাণের কথা বলে, অহিংসার বাণী প্রচার করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ গড়তে নিরলস কাজ করে চলেছেন। আর আওয়ামী লীগ রাষ্ট্রক্ষমতায় আছে বলেই উৎসবমুখর পরিবেশে দুর্গোৎসব পালন সম্ভব হচ্ছে।’
সাধন চন্দ্র মজুমদার বলেন, ‘মহান স্বাধীনতা সংগ্রামে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিষ্টান সবার প্রচেষ্টায় দেশ স্বাধীন হয়। জাতির পিতাকে ১৫ আগস্ট নৃশংসভাবে হত্যার মাধ্যমে অসাম্প্রদায়িক চেতনাকেও হত্যা করা হয়েছিল। দেশে সাম্প্রদায়িকতার বীজ বপন করা হয়েছিল। শেখ হাসিনার নেতৃত্বে দেশে আবারও অসাম্প্রদায়িক চেতনা প্রতিষ্ঠিত হয়েছে।’
নওগাঁর স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক উত্তম কুমার রায়ের সভাপতিত্বে এ সময় বক্তব্য দেন সদর আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নিজাম উদ্দীন জলিল জন, পুলিশ সুপার রাশিদুল হক, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সদস্য তপন কুমার সেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নওগাঁ শাখার সভাপতি নির্মল কৃষ্ণ সাহা, সাধারণ সম্পাদক বিভাস কুমার মজুমদার, সহসভাপতি রণজিত সরকার, কালীতলা শ্রীশ্রী বুড়া মাতার পূজামণ্ডপের সভাপতি নিরোধ বরণ চন্দন সাহা এবং মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম নওগাঁর সহকারী পরিচালক সাথী মজুমদার।
