আল আমিন স্বাধীন-
নওগাঁর মান্দায় মঞ্জুয়ারা বেগম (৫৫) নামে এক বৃদ্ধা নারীকে কুপিয়ে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২৬ আগস্ট) দিবাগত রাতে উপজেলার পরানপুর ইউনিয়নের কালাচিতা গ্রামে এ ঘটনা ঘটে। তিনি কালাচিতা গ্রামের মৃত লবির উদ্দিনের স্ত্রী। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসার অবনতি হলে তাকে রামেক হাসপাতালে স্থানান্তর করা হয়।
প্রতিবেশি সাথী আক্তার বলেন, স্বামীর মৃত্যুর পর মঞ্জুয়ারা বেগমের একমাত্র মেয়ে জুঁই আক্তারকে প্রায় ৫ বছর আগে বিয়ে দেয়া হয়। এরপর থেকে মঞ্জুয়ারা বেগম বাড়িতে একাই বসবাস করে আসছেন। শুক্রবার রাতে কে বা কারা তার মাথায় কুপিয়ে হত্যার চেষ্টা করে।
আব্দুল হামিদ বলেন, শুক্রবার গভীররাতে মঞ্জুয়ারার চিৎকার শুনে প্রতিবেশিরা তাঁর বাড়িতে ছুটে যান। এসময় বাড়ির সদর দরজা ভেতর থেকে তালাবদ্ধ ছিল। পরে বাড়ির পেছনের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করা হয়।
তাকে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রামেক হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। মান্দা থানার ওসি (তদন্ত) মেহেদী মাসুদ বলেন, বিষয়টি শুনেছি। তবে এখন পর্যন্ত এ ঘটনায় থানায় কেউ অভিযোগ করেননি।
