আলো ডেস্ক: অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগে বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশনের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মো. সাজ্জাদুল ইসলামের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বৃহস্পতিবার দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে অনুসন্ধান কর্মকর্তা সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন।
দুদক আইন, ২০০৪ এর ২৭(১) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করায় তার বিরুদ্ধে মামলাটি করা হয়েছে। দুদক জনসংযোগ দপ্তর বিষয়টি নিশ্চিত করেছে। মো. সাজ্জাদুল ইসলাম ৭৫ লাখ ৫৯ হাজার ১১১ টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন বলে দুদকের অনুসন্ধানে প্রতীয়মান হয়েছে। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান যাচাইকালে দেখা যায়, আসামি মো. সাজ্জাদুল ইসলাম ২০২০ সালের ডিসেম্বরে তার সম্পদ বিবরণী দুদকে দাখিল করেন।
দাখিলকৃত সম্পদ বিবরণীতে তিনি ১ কোটি ৬৯ লাখ ৭৩ হাজার ৬৫৩ টাকার স্থাবর, ৬৫ লাখ ৩ হাজার ২৩২ টাকার অস্থাবর সম্পদ ও ৩২ লাখ ৯৪ হাজার ৯৭ টাকার ঋণ, দেনাসহ সম্পদের তথ্য প্রদর্শন করেন। কিন্তু ঋণ বাদে আসামির সম্পত্তির পরিমাণ দাঁড়ায় ২ কোটি ৮২ লাখ ৯৭ হাজার টাকা। অপরদিকে, সাজ্জাদুল ইসলাম ২০০৪-০৫ করবর্ষ হতে ২০২০-২১ করবর্ষ পর্যন্ত পারিবারিক ব্যয় করেছেন ৯৫ লাখ ৯১ হাজার ২৫১ টাকা। এর ফলে তার পারিবারিক ব্যয়সহ অর্জিত সম্পদের পরিমাণ দাড়াঁয় ২ কোটি ৯৭ লাখ ৭৪ হাজার ৩৯ টাকা।
যার বিপরীতে আসামির সম্পদ অর্জনের বিপরীতে বৈধ গ্রহণযোগ্য আয়ের উৎস পাওয়া যায় ২ কোটি ২২ লাখ ১৪ হাজার ৯২৮ কোটি টাকার। দুদক জানায়, আসামির বিরুদ্ধে ৭৫ লাখ ৫৯ হাজার ৫১১ টাকার অবৈধ সম্পদ অর্জনের প্রমাণ পাওয়া গেছে। যা তিনি অবৈধ পন্থায় অর্জন করেছেন মর্মে পরিলক্ষিত হয়। যে কারণে দুদক আইন ২০০৪ এর ২৭ (১) ধারায় তার বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়েছে।
