আলো ডেস্ক: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী বুলবুল আহমেদ হত্যাকাণ্ডের পর পাঁচ দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছেন বিভাগের শিক্ষার্থীরা। গত বৃহস্পতিবার দুপুরে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদে কাছে এ স্মারকলিপি দেন শিক্ষার্থীরা। স্মারকলিপি পরবর্তী সংবাদ সম্মেলনে লোকপ্রশাসন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আশরাফুল আলম আকাশ বলেন, আমাদের সহপাঠী বুলবুল আহমেদ ক্যাম্পাসের অভ্যন্তরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হয়।
নিজ ক্যাম্পাসে ঘটে যাওয়া এ নির্মম হত্যাকাণ্ডে প্রতিবাদ ও তার পরিবারকে ক্ষতিপূরণ নিয়ে উপাচার্য বরাবর ৫ দফা দাবিতে স্মারকলিপি দেওয়া হয়েছে। উপাচার্য মহোদয় আমাদের দাবি সর্বোচ্চ পূরণের আশ্বাস দিয়েছেন। শিক্ষার্থীদের দাবিগুলোর মধ্যে রয়েছে- উচ্চতর তদন্তের মাধ্যমে বুলবুল হত্যায় গ্রেপ্তারকৃত প্রকৃত খুনিদের দ্রুত সময়ের মধ্যে সর্বোচ্চ শাস্তি কার্যকর করা, নিহতের পরিবারকে অতিদ্রুত ক্ষতিপূরণ হিসেবে এককালীন ৫০ লাখ টাকা এবং আগামী ১২ বছর পর্যন্ত প্রতিমাসে ৫০ হাজার টাকা প্রদান করতে হবে অথবা এককালীন ৫০ লাখ টাকা এবং পরিবারের ১ জন সদস্যের চাকরি নিশ্চিত করতে হবে, ক্যাম্পাসের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার লক্ষে দ্রুততম সময়ের মধ্যে সিসিটিভি ক্যামেরাগুলো সচল এবং সংখ্যা বৃদ্ধি করতে হবে, অনিরাপদ এবং অন্ধকারচ্ছন্ন স্থানে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করতে হবে, ক্যাম্পাসের টিলাগুলোতে নিরাপত্তা প্রহরীর সংখ্যা বৃদ্ধি করতে হবে এবং প্রাচীর সংলগ্ন স্থানে কাঁটাতারের ব্যবস্থা করতে হবে, বুলবুলের স্মৃতি রক্ষার্থে বুলবুল হত্যার স্থানে স্মৃতিস্তম্ভ নির্মাণ এবং বুলবুল চত্বর ঘোষণা করতে হবে, একইসাথে ২৫ জুলাইকে বুলবুল হত্যা দিবস হিসেবে ঘোষণা করতে হবে।
স্মারকলিপি প্রদানকালে লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. শামীমা তাসনীম, অধ্যাপক ড. ফাতেমা খাতুন, অধ্যাপক ড. আশরাফ সিদ্দিকী, অধ্যাপক ড. ইসমত আরা, সহযোগী অধ্যাপক চৌধুরী আব্দুল্লাহ আল হোসাইনী, সহযোগী অধ্যাপক মোহাম্মদ সামিউল ইসলাম, সহযোগী অধ্যাপক মোহাম্মদ নাসির উদ্দীন, সহকারী অধ্যাপক মো. মাহমুদ হাসান, সহকারী অধ্যাপক কানিজ ফাতেমা, সহকারী অধ্যাপক সাবিনা ইয়াসমিন, সহকারী অধ্যাপক মোস্তফা কামাল, সহকারী অধ্যাপক জুবায়দা গুলশান আরা, শিক্ষার্থীদের মধ্যে ইমামুল হোসেন হৃদয়, আশরাফুল আলম আকাশ, মিলন মাহমুদ, নাঈম আহমেদ, হাবিব এবং রাকিব উপস্থিত ছিলেন।
শোক পালনে ক্লাস-পরীক্ষা স্থগিত: ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত হন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) লোকপ্রশাসন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী বুলবুল আহমেদ। তার শোক পালনে ১০ দিনের ক্লাস-পরীক্ষা স্থগিত করেছে লোকপ্রশাসন বিভাগ। গতকাল শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করেন লোকপ্রশাসন বিভাগের প্রধান (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. শামীম তাসনীম। তিনি জানান, অনাকাক্সিক্ষত ঘটনায় আমাদের বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী বুলবুল আহমেদ নিহত হয়। এতে বিভাগের শিক্ষার্থীরা মানসিকভাবে ভেঙে পড়েছে। তাই শিক্ষার্থীদের অনুরোধে ২৬ জুলাই থেকে ৪ আগস্ট পর্যন্ত ক্লাস- পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শিক্ষার্থীরা মানসিকভাবে সুস্থ হয়ে উঠলে পুনরায় ক্লাস-পরীক্ষা শুরু হবে। জানা যায়, ২৫ জুলাই সন্ধ্যায় এক বান্ধবীর সঙ্গে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে অবস্থিত গাজী কালুর টিলায় ঘুরতে যান বুলবুল। পরে সেখানে অবস্থানকালীন সময়ে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত হন তিনি। এতে অতিরিক্ত রক্তক্ষরণের ফলে বুলবুল মাটিতে লুটিয়ে পড়েন। পরে শিক্ষার্থীরা জানতে পেরে তাকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
