ভ্রাম্যমান প্রতিনিধি-
রাজশাহী জেলার বাগমারা উপজেলার তাহেরপুর পৌরসভা বারনই নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া রুপ কুমার হালদার (৩৮) এর লাশ উদ্ধার করা হয়েছে। গত রবিবার সকাল ৮ টার দিকে তার লাশ উদ্ধার করা হয়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দফতর থেকে যাওয়া একটি ডুবুরী দল রুপ কুমার হালদারের লাশ উদ্ধার করে। নিহত রুপ কুমার হালদার এই উপজেলার তাহেরপুর পৌরসভার হরিপালা জেলেপাড়া গ্রামের মৃত নিয়ন হালদারের ছেলে। তিনি পেশায় মাছ ব্যবসায়ী ছিলেন। গত শনিবার বিকাল সাড়ে ৫ টার দিকে তিনি বারনই নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হন।
এই নদীতে মাছ ধরা জাল নামিয়ে অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। এই বিষয়ে আমাদের প্রতিবেদক বাগমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রবিউল ইসলাম এর সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, নিহত রুপ কুমার হালদার পেশায় একজন মাছ ব্যবসায়ী ছিলেন। গত শনিবার বিকালে নদীতে গোসল করতে নেমে তিনি নিখোঁজ হন।
গত রবিবার তার লাশ উদ্ধার করা হয়। এই ব্যাপারে কোন অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়াই তার লাশ সৎকারের জন্য পরিবারকে অনুমতি দেওয়া হয়। এই ঘটনায় বাগমারা থানায় অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে।
