আলো ডেস্ক: রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সুবিধার্থে কেন্দ্র পরিদর্শনে যাবে না বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শনে গেলে শিক্ষার্থীদের মনোযোগে ব্যাঘাত ঘটে বলে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গত শনিবার বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমেদ সিনেট ভবনে আয়োজিত ভর্তি পরীক্ষা সম্পর্কিত সংবাদ সম্মেলনে এসব কথা জানিয়েছেন রাবি উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার। উপাচার্য বলেন, এ বছর ভর্তি পরীক্ষা চলাকালে কোনো কেন্দ্র পরিদর্শনে যাবে না বিশ্ববিদ্যালয় প্রশাসন। কারণ পরিদর্শনে গেলে শিক্ষার্থীদের মনোযোগে ব্যাঘাত ঘটে, তারা ইতস্তত বোধ করে। অথচ এ সময়ে শিক্ষার্থীরা আরও কিছু প্রশ্ন বেশি উত্তর দেওয়ার সুযোগ পাবে। তাই এবছর কোনো পরীক্ষাকেন্দ্র পরিদর্শনে যাবে না প্রশাসন।
প্রশ্নোত্তর পর্বে বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষা নেওয়ার বিষয়ে উপাচার্য বলেন, আমরা এই বিষয়ে এককভাবে সিদ্ধান্ত নিতে পারবো না। আমরা পরবর্তীকালে শিক্ষার্থীদের সুবিধার কথা চিন্তা করে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিল ও ভর্তি পরীক্ষা কমিটিতে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেবো। এছাড়া পরীক্ষাকে কেন্দ্র করে ক্যাম্পাসের অভ্যন্তরের কোনো দোকানে খাবারের অতিরিক্ত দাম কিংবা যানবাহনে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।
বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে ৯টি ওয়াটারপ্রুফ টেন্ট স্থাপন করা হবে। প্রতিটি টেন্টে অভিভাবকদের বসার জন্য ২০০টি করে চেয়ার থাকবে ও ১২টি স্থানে ওয়াশরুমের ব্যবস্থা থাকবে বলে জানানো হয়। আরও জানানো হয়, এবারের ভর্তি পরীক্ষায় র্যাব, পুলিশ ও গোয়েন্দাসহ নানা স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে। চিকিৎসা সহায়তায় ভর্তি পরীক্ষা চলাকালে রাবি চিকিৎসা কেন্দ্র পরিচালিত একটি মেডিকেল টিম কাজ করবে। সার্বক্ষণিক চারটি অ্যাম্বুলেন্স থাকবে। এদিকে সোমবার সকাল ৯টা থেকে শুরু হবে ভর্তি পরীক্ষা।
এবারের ভর্তি পরীক্ষায় প্রত্যেক ইউনিটে চারটি শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ বছর রাবি ভর্তি পরীক্ষায় বিশেষ কোটাসহ মোট আসন সংখ্যা ৪ হাজার ৬৪১টি। এই আসনের বিপরীতে মোট ১ লাখ ৭৮ হাজার ২৬৮টি চ‚ড়ান্ত আবেদন জমা হয়েছে। এর মধ্যে ‘এ’ ইউনিটে ৬৭ হাজার ২৩৭টি, ‘বি’ ইউনিটে ৩৮ হাজার ৬২১টি এবং ‘সি’ ইউনিটে ৭২ হাজার ৪১০টি চূড়ান্ত আবেদন জমা পড়ে। এবার একক আবেদনকারীর সংখ্যা ১ লাখ ৫০ হাজার ৪২৯ জন। এবারে এক ঘণ্টাব্যাপী ভর্তি পরীক্ষা এমসিকিউ পদ্ধতিতে গ্রহণ করা হবে।
